আগরতলা, 03.07.2026: রাজধানী আগরতলায় প্রকাশ্য দিবালোকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। গাড়ি কেনার জন্য নিয়ে আসা ২ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে ইতিমধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া টাকার একটি বড় অংশ।
ঘটনার বিবরণী অনুযায়ী, সাব্রুম থেকে ধনঞ্জয় ত্রিপুরা নামে এক যুবক গাড়ি কেনার উদ্দেশ্যে নগদ ২ লক্ষ টাকা নিয়ে আগরতলায় আসেন। তিনি আগরতলার লালবাহাদুর এলাকায় রাজেশ ত্রিপুরার একটি ভাড়া বাড়িতে ওঠেন। ঘটনার সময় গৃহকর্তা রাজেশ ত্রিপুরা বাড়িতে ছিলেন না। সেই সুযোগে ৩-৪ জনের একটি দুষ্কৃতী দল আচমকা ঘরে ঢুকে ধনঞ্জয় ত্রিপুরাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এরপর তার কাছে থাকা নগদ ২ লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পরই আক্রান্ত ধনঞ্জয় ত্রিপুরা পূর্ব থানায় গিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত মামলা দায়ের করেন। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে পূর্ব আগরতলা থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লালবাহাদুর এলাকাতেই অভিযান চালিয়ে পুলিশ এই ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) দেবপ্রসাদ রায় জানান, “ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরই পুলিশি তৎপরতায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, এই চক্রের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এবং বাকি টাকা উদ্ধারের লক্ষ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবারই আদালতে সোপর্দ করা হচ্ছে। রাজধানীর বুকে এই ধরণের ছিনতাইয়ের ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ালেও পুলিশের দ্রুত পদক্ষেপে খুশি স্থানীয়রা।