ডেমডুমে বিলাসবহুল গাড়ি থেকে ২৭১.৪৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৯ জুন : কুমারঘাট মহকুমার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের ডেমডুম এলাকায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিলাসবহুল গাড়ি থেকে প্রায় ২৭১.৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ জানান, আজ সকাল আগরতলা থেকে কুমারঘাট অভিমুখে যাওয়া একটি গাড়িকে কমলপুর দুর্গা চৌমুহনী এলাকায় নাকা চেকিং পয়েন্টে আটক ট্রাফিক ইন্সপেক্টর পঙ্কজ দেবনাথ।
তখন গাড়িতে থাকা এক ব্যাক্তি নিজেকে কোনো এক মন্ডল সভাপতি বলে পরিচয় দেয়। তাতে ট্রাফিক পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটি তল্লাশী করতে চাইলে তারা তার হাতে কামড় বসিয়ে ট্রাফিক অফিসারকে আহত করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রায় ১১টা নাগাদ ওয়ারলেসে এই খবর পেয়ে ফটিকরায় বিধানসভার অন্তর্গত ডেমডুম এলাকায় গাড়িটিকে আটক করে ফটিকরায় থানার পুলিশ। পড়ে টি আর-০১-এন-৩৯৫৭ নম্বরের এই বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেন, গাজা গুলি নিয়ে কমলপুরের দিক থেকে কৈলাসহরের এর অভিমুখে যাওয়ার কথা ছিলো তাদের।
বর্তমানে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। আগামীকাল ধৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। পুলিশের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে এএস-০১-এফটি-৮৭৭৪ নম্বরযুক্ত দুটি ভুয়ো নম্বর প্লেটও উদ্ধার করা হয়েছে। ফলে মাদক পাচারের পাশাপাশি ভুয়ো নম্বর প্লেট ব্যবহারের বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে। আটক দুই অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর, ফটিকরায় থানার ওসি সহদেব দাস, কমলপুর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।পুলিশের এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে মাদক পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত, সে বিষয়েও তথ্য সামনে আসতে পারে বলে পুলিশের ধারণা।