Home » Blog » রেগা মজুরির দাবিতে কংগ্রেসের বিক্ষোভ

রেগা মজুরির দাবিতে কংগ্রেসের বিক্ষোভ

আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ, ৫২ হাজার শূন্যপদ পূরণ ও ৩৪০ টাকা রেগা মজুরির দাবিতে ডেপুটেশন

by Planet Tripura
0 comments 8 views

বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ালো কংগ্রেস, ৫২ হাজার শূন্যপদ পূরণ ও রেগা মজুরির দাবিতে আগরতলায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৯ জুন : বিভিন্ন জনমুখী দাবি-দাওয়া সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসসি এবং ওবিসি সেলের যৌথ উদ্যোগে সোমবার আগরতলায় এক বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মিছিলটি লেইক চৌমুহনি এলাকার এসসি ও ওবিসি কল্যাণ দপ্তরে পৌঁছায়। পরে প্রতিনিধিদল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে ১১ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি তুলে দেয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজ্যের তপশিলী জাতি, তপশিলী উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, ছাত্র-ছাত্রীদের বৃত্তি নিয়মিত দেওয়া হচ্ছে না, গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিশ্রুত ৩৪০ টাকা রেগা মজুরি কার্যকর হয়নি, ২০০ দিনের কাজের ব্যবস্থা করা হয়নি এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ ও ১০,৩২৩ জন শিক্ষককে পুনর্বহালের প্রতিশ্রুতিও পূরণ করা হয়নি।বিক্ষোভকারীরা আরও দাবি জানান, রাজ্যে শূন্য পড়ে থাকা প্রায় ৫২ হাজার সরকারি পদ দ্রুত পূরণ করতে হবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড, বার্ধক্য ভাতা এবং চর্মশিল্পীদের ভাতা নিয়মিত প্রদানেরও দাবি তোলা হয়।

বক্তারা বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। সমাবেশে আরেক বক্তা অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন কর্পোরেশন ও আর্থিক সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী ও পড়ুয়াদের যে ঋণ দেওয়ার কথা, তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে অনিয়ম বন্ধ করার পাশাপাশি ঋণের পরিমাণ বৃদ্ধি করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহজে ঋণ পৌঁছে দেওয়ার দাবি জানান তিনি। ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষণের বিষয়টিও কর্মসূচিতে গুরুত্ব পায়। বক্তারা রাজ্য বিধানসভায় প্রয়োজনীয় বিল পাস করে তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানোর দাবি জানান, যাতে সংরক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী আইনি ভিত্তি পায়।

একই সঙ্গে জাতিভিত্তিক জনগণনা (কাস্ট সেন্সাস) পরিচালনার দাবিও উত্থাপন করা হয়। তাদের বক্তব্য, জনগণনার তথ্যের ভিত্তিতে পিছিয়ে পড়া সম্প্রদায়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। কর্মসূচিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসসি ও ওবিসি বিভাগের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment