Home » Blog » তেলিয়ামুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

তেলিয়ামুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিরাপত্তার অভাব নাকি চরম গাফিলতি? তোতাবাড়ির ঘটনায় বিদ্যুৎ দপ্তরের দিকে আঙুল

by Planet Tripura
0 comments 27 views

বিদ্যুতের সুইচ কার হাতে? অবহেলার বলি দৈনিক হাজিরা শ্রমিক! তোতাবাড়ি’তে মর্মান্তিক মৃত্যু ঘিরে ক্ষোভ

তেলিয়ামুড়া প্রতিনিধি:

এক মুহূর্তের অবহেলা, আর তাতেই নিভে গেল এক অসহায় শ্রমিকের জীবন! কল্যাণপুর থানার অন্তর্গত তোতাবাড়ি এলাকায় বিদ্যুতের এস.টি. লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো দৈনিক হাজিরা শ্রমিক বিধু কপালির। এই ঘটনা’কে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, খোয়াই প্রহরমুড়া এলাকার বাসিন্দা বিধু কপালি ঠিকাদার সমীরণ দেবনাথের অধীনে এস.টি. লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। অভিযোগ, কাজ চলাকালীন শ্রমিকদের যথাযথভাবে অবহিত না করেই হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই হাই ভোল্টেজের তারের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন বিধু কপালি।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে—যখন লাইনে শ্রমিক কাজ করছিলেন, তখন কীভাবে বিদ্যুৎ সংযোগ চালু হলো? নিরাপত্তার নিয়ম কি মানা হয়েছিল? কাজ শুরুর আগে ও শেষে নির্ধারিত প্রোটোকল অনুসরণ করা হয়েছিল তো? নাকি প্রশাসনিক গাফিলতির মূল্য দিতে হলো এক নিরীহ শ্রমিক’কে নিজের প্রাণ দিয়ে? এই মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যাবস্থা নিতে হবে। পাশাপাশি মৃত শ্রমিকের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্য’কে চাকরির ব্যাবস্থার দাবিও উঠেছে। একজন দিনমজুরের জীবন কি এতটাই সস্তা যে একটি সম্ভাব্য সমন্বয়হীনতা বা নিরাপত্তা ব্যাবস্থার ঘাটতির কারণে তাকে প্রাণ দিতে হবে? এই প্রশ্নের উত্তর এখন খুঁজছে গোটা এলাকা। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা ডট কম

You may also like

Leave a Comment