Home » Blog » ধর্মনগরে DYFI-এর ২২তম মহকুমা সম্মেলন

ধর্মনগরে DYFI-এর ২২তম মহকুমা সম্মেলন

সভাপতি জসিম উদ্দিন ও সম্পাদক অর্জুন নাথ নির্বাচিত

by Planet Tripura
0 comments 6 views

ধর্মনগরে ডিওয়াইএফআই-এর ২২তম মহকুমা সম্মেলন, গঠিত হলো ৪৯ সদস্যের নতুন কমিটি।

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর:

উদ্যমী আন্দোলন ও নতুন সংকল্পের বার্তা নিয়ে ধর্মনগরে অনুষ্ঠিত হলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)-এর ২২তম মহকুমা সম্মেলন। বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনে মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। ফয়জুর রহমান ও হেম গোপাল শর্মা মঞ্চে আয়োজিত সম্মেলনের সূচনা হয় সংগঠনের ধর্মনগর মহকুমা সভাপতি সানি চন্দের পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর উপস্থিত প্রতিনিধিরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রতিনিধি সম্মেলনের সভাপতিমণ্ডলীতে ছিলেন রামেন্দু গোস্বামী, সানি চন্দ এবং উত্তম নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। সভার শুরুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন রাজিব নাথ।

উদ্বোধনী বক্তব্যে সংগঠনের রাজ্য কমিটির সদস্য আব্দুল হাফিজ ডিওয়াইএফআই-এর সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। এছাড়াও বক্তব্য রাখেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বাসুদেব ভট্টাচার্য্য, সান্ত্বনো দেব এবং রাজ্য কমিটির সদস্য বিজয় বিশ্বাস ও রাজিব নাথ। ধর্মনগর মহকুমা সম্পাদক অর্জুন নাথ সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনের ওপর মহকুমার ১৪টি অঞ্চল কমিটির প্রতিনিধিরা আলোচনা করেন এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। সম্মেলনের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান অমিতাভ দত্ত যুব সমাজকে আগামী প্রজন্মের স্বার্থে অধিকার আদায়ের আন্দোলনে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে ৪৯ সদস্যের নতুন ধর্মনগর মহকুমা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির প্রথম বৈঠকে জসিম উদ্দিনকে সভাপতি এবং অর্জুন নাথকে পুনরায় সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে ধর্মনগরে যুব আন্দোলন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment