Home » Blog » গর্জি পেট্রোল পাম্পে ড্রামে তেল বিক্রি নিয়ে বিতর্ক

গর্জি পেট্রোল পাম্পে ড্রামে তেল বিক্রি নিয়ে বিতর্ক

গর্জি পেট্রোল পাম্পে কালোবাজারির অভিযোগে তদন্তে পুলিশ

by Planet Tripura
0 comments 10 views

গর্জি পেট্রোল পাম্পে ড্রামে তেল বিক্রির অভিযোগ, কালোবাজারির আশঙ্কা; তদন্তে পুলিশ

উদয়পুর, নিজস্ব প্রতিনিধি:
গোমতী জেলার গর্জি পেট্রোল পাম্পে ড্রামের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, পাম্প থেকে অবৈধভাবে ড্রামে তেল বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কালোবাজারির সুযোগ করে দেওয়া হচ্ছে। যদিও পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কৃষি কাজের প্রয়োজনে কৃষকদের ড্রামে তেল সরবরাহ করা হচ্ছে। ঘটনাটি শুক্রবার গর্জি পেট্রোলপাম্পে ড্রামে তেল বিক্রির দৃশ্য প্রকাশ্যে আসে। অভিযোগ, ঘটনাটি ক্যামেরাবন্দি করতে গেলে পাম্প কর্তৃপক্ষ সাংবাদিকদের বাধা দেয়। পরে বিষয়টি নিয়ে পাম্পের ম্যানেজারের সঙ্গে কথা বললে তিনি জানান, কৃষকদের সুবিধার্থেই ড্রামে তেল দেওয়া হচ্ছে।

তবে সাংবাদিকদের পক্ষ থেকে এ ধরনের বিক্রির অনুমোদন বা প্রয়োজনীয় সরকারি নির্দেশিকা ও নথি দেখতে চাওয়া হলে ম্যানেজার তা দেখাতে পারেননি বলে অভিযোগ।এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই পাম্পে ড্রামে তেল বিক্রির কারণে সাধারণ গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে। তাঁদের অভিযোগ, অনেক সময় পাম্পে তেলের সংকট দেখা দিলে বাইরে থেকে বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হন সাধারণ মানুষ। পাশাপাশি ড্রামে তেল সরবরাহের কারণে পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের।

অবৈধভাবে তেল বিক্রির অভিযোগের খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছায় গর্জি ফাঁড়ি থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, তদন্তে যদি কোনও অনিয়মের প্রমাণ মেলে, তাহলে গর্জি পেট্রোল পাম্পের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ আর না ওঠে। এখন দেখার বিষয় প্রশাসন কি ভূমিকা পালন করে।

You may also like

Leave a Comment