Home » Blog » শান্তিরবাজারে বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী পালিত

শান্তিরবাজারে বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী পালিত

জেলাশাসক-সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে মুকুট অডিটোরিয়ামে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

by Planet Tripura
0 comments 12 views

শান্তিরবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উৎসব।

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার:
দক্ষিণ ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদ, শান্তিরবাজার পৌরপরিষদ, বগাফা পঞ্চায়েত সমিতি ও বি.এ.সি এবং জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতি ও বি.এ.সি-এর যৌথ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান সকাল ১১টায় চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে শুরু হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপনের পর তিনি সাহিত্যসম্রাটের কালজয়ী সৃষ্টি এবং ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করেন। প্রশাসনিক ও সামাজিক স্তরের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা পায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা মহম্মদ সাজাদ পি (আই.এ.এস), শান্তিরবাজারের মহকুমা শাসক তরুণ কান্তি সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌরপরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য এবং ভাইস চেয়ারপারসন সত্যব্রত সাহা, জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জিলা পরিষদের সদস্য সুমন দেবনাথ এবং বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক।
অনুষ্ঠানে অতিথিরা আলোচনাকালে বঙ্কিমচন্দ্রের ‘বন্দে মাতরম’ মন্ত্রের ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলা সাহিত্যে তাঁর অমর কীর্তির ওপর আলোকপাত করেন। সমগ্র অনুষ্ঠানটি সফল করার জন্য জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের (বিলোনীয়া) সহ-অধিকর্তা মনোজ দেববর্মা উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক অনুপম পালও। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শ্রদ্ধায় অনুষ্ঠানটি এক মনোজ্ঞ রূপ ধারণ করে।

You may also like

Leave a Comment