মাধবনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বেহাল অবস্থা

সাব্রুমের মাধবনগর বিদ্যালয়ে চরম অব্যবস্থা, হস্তক্ষেপের দাবি

by Planet Tripura
0 comments 61 views

দীর্ঘদিন ধরে বেহাল সাব্রুমের মাধবনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, দেখার যন্য কি কেউ নেই? প্রশ্ন উঠছে জনমনে।

নিজস্ব প্রতিনিধি, প্রসেনজিৎ বৈদ্য, সাব্রুম :- দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি আরডি ব্লক অন্তর্গত মাধবনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বর্তমানে এক প্রকার অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয় চত্বর অপরিষ্কার-অপরিচ্ছন্ন হয়ে থাকায় ক্ষোভ ছড়াচ্ছে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে।
অভিযোগ, বিদ্যালয়ের চারপাশের সীমানা প্রাচীর না থাকার কারণে একশ্রেণীর অসাধু স্থানীয় মানুষ ক্লাসরুমের ভেতরেই অবাধে গরু-ছাগল বেঁধে রাখছেন। শুধু তাই নয়, বিদ্যালয়ের শৌচাগারগুলি নোংরায় এমনভাবে ভরে রাখা হয়েছে যে, ছাত্রছাত্রীদের ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি নিজের অসহায়তা প্রকাশ করে জানান, সীমানা প্রাচীর না থাকার কারণেই বহিরাগতরা স্কুলের পঠনপাঠনের ঘর এবং টয়লেট নোংরা করে চলে যাচ্ছে প্রতিনিয়ত ।
সমস্যা এখানেই শেষ নয়। সামান্য বৃষ্টি হলেই ক্লাসরুমের ভেতরে জল পড়ে, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুলে আসা পড়ুয়াদের। বিদ্যালয়ের পানীয় জলের ট্যাঙ্কটিও দীর্ঘদিন সাফাই না করায় অত্যন্ত নোংরা ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। ছাত্রছাত্রীরা বাধ্য হয়েই এই দূষিত জল পান করছে, এমনকি মিড-ডে মিলের রান্নার কাজেও এই জলই ব্যবহৃত হচ্ছে। প্রধান শিক্ষকের ঘরের দরজাও ভাঙাচোরা অবস্থায় রয়েছে, যা বিদ্যালয়ের ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার রূপটিকে তুলে ধরে।
একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমন কদর্য ও বিপজ্জনক রূপ সত্যিই অত্যন্ত গুরুতর ও চিন্তাজনক বিষয়। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখে অবিলম্বে প্রশাসন ও শিক্ষা দপ্তরকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ।

You may also like

Leave a Comment