নিজস্ব প্রতিনিধি, উদয়পুর:
দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলুয়া ঢেপা এডিসি ভিলেজের বাসিন্দারা। জানা যায় – বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ উদয়পুর-অমরপুর সড়ক অবরোধে সামিল হন এলাকার প্রায় ৫০ থেকে ৬০ জন উপজাতি মহিলা ও পুরুষ। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে পানীয় জলের জন্য চরম দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
বিক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, পানীয় জলের মতো মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে তারা বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন। প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস না দেয়, তাহলে এই সড়ক অবরোধ এর আন্দোলন আরও দীর্ঘায়িত হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা। অবরোধের ফলে উদয়পুর-অমরপুর সড়কে যান চলাচল কয়েক ঘন্টার জন্য ব্যাহত হয় এবং উভয় দিকেই যানবাহনের দীর্ঘ সারি পরে যায় । খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন। অবশেষে পানীয় জলের আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ তুলে নেন।