Home » Blog » পরকীয়া সন্দেহ ঘিরে সাব্রুমে চাঞ্চল্য

পরকীয়া সন্দেহ ঘিরে সাব্রুমে চাঞ্চল্য

শ্বশুরবাড়িতে গিয়ে আক্রান্ত স্বামী, তদন্তে পুলিশ

by Planet Tripura
0 comments 72 views

সাব্রুম, প্রতিনিধি : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় এক চাঞ্চল্যকর পরকীয়া কাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগকারী স্বামীর দাবি, দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কে চিড় ধরিয়ে তাঁর স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে স্ত্রী ও কন্যার খোঁজখবর নিতে শ্বশুরবাড়িতে গিয়ে উল্টে মারধরের শিকার হতে হয় স্বামী ও তাঁর বৃদ্ধ বাবাকে।



অভিযোগকারী মিঠুন চৌধুরীর বক্তব্য, কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকাকালীন তাঁর স্ত্রী সম্পৃতা দাস বাপের বাড়িতে চলে যান। পরবর্তীতে তিনি জানতে পারেন, স্থানীয় বাসিন্দা তথা টিএসআর-এর নবম ব্যাটালিয়নের কর্মরত জওয়ান রতন বলের সঙ্গে তাঁর স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। শনিবার বিকেলে মেয়েকে দেখতে শ্বশুরবাড়িতে গেলে দরজা খোলা অবস্থায় স্ত্রী ও অভিযুক্তকে একই কক্ষে আপত্তিকর পরিস্থিতিতে দেখতে পান বলে অভিযোগ তাঁর।

এই নিয়ে প্রতিবাদ জানাতেই রতন বল, সম্পৃতা দাস এবং পরিবারের অন্য সদস্যরা মিলে লাঠি ও ঝাঁটা নিয়ে মিঠুনের উপর চড়াও হন বলে অভিযোগ। হামলায় গুরুতর জখম হন মিঠুন চৌধুরী ও তাঁর বাবা। অভিযোগে আরও বলা হয়েছে, রতন বল মিঠুনের বাবার হাতে কামড়ে রক্তাক্ত জখম করেন।

অভিযোগকারীর দাবি, ঘটনার পর অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি রতন বল প্রকাশ্যে দাবি করেন, সম্পৃতা দাস এখন তাঁরই স্ত্রী। আহত দু’জনের সাব্রুম হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সাব্রুম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় সাব্রুম মহকুমা জুড়ে। দায়িত্বশীল বাহিনীর কর্মরত এক জওয়ানের এই ধরনের আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

You may also like

Leave a Comment