Home » Blog » শান্তিরবাজার মহকুমাভিত্তিক বিশ্ব যোগ দিবস

শান্তিরবাজার মহকুমাভিত্তিক বিশ্ব যোগ দিবস

মহকুমাভিত্তিক ১২তম বিশ্ব যোগ দিবস উদ্‌যাপিত

by Planet Tripura
0 comments 40 views

শান্তিরবাজার রামঠাকুর আশ্রমে মহকুমাভিত্তিক ১২তম বিশ্ব যোগ দিবস উদ্‌যাপিত: উপস্থিত মহকুমাশাসক ও পুরচেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার: “যোগার মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। শরীর সুস্থ রাখতে দৈনন্দিন জীবনে যোগব্যায়াম অত্যন্ত প্রয়োজন।” আজ শান্তিরবাজার মহকুমাভিত্তিক বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মহকুমাশাসক তরুণ কান্তি সরকার।

আজ রবিবার সকাল ঠিক ৭টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার রামঠাকুর আশ্রমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মহকুমাভিত্তিক ১২তম বিশ্ব যোগ দিবস (International Yoga Day) উদ্‌যাপিত হয়। অনুষ্ঠানে এক অভিনব ও পরিবেশবান্ধব উদ্যোগ লক্ষ্য করা যায়। প্রথাগত প্রদীপ প্রজ্বলনের পরিবর্তে একটি চারা গাছে জল ঢেলে আজকের এই বিশেষ দিবসের শুভ সূচনা করেন শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য।

মহকুমা প্রশাসন ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক ও মহকুমাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন বগাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) মনোজ পাল, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক এবং শান্তিরবাজার মহকুমার ক্রীড়া দপ্তরের আধিকারিক সজল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমাশাসক তরুণ কান্তি সরকার আরও যোগ করেন, আজকের দিনটি দীর্ঘ বক্তব্য দেওয়ার দিন নয়, আজকের দিনটি হলো সরাসরি যোগাভ্যাস করার দিন। শরীর ও মনকে সতেজ রাখতে যোগাসনের কোনো বিকল্প নেই।

অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে আশ্রম প্রাঙ্গণে এক বর্ণাঢ্য যোগাভ্যাস সেশনের আয়োজন করা হয়। উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ, আধিকারিক এবং সাধারণ মানুষ একযোগে আসন পেতে বিভিন্ন প্রকারের যোগাসনে অংশ নেন। ছোট থেকে বড়— সকলের মধ্যেই আজকের এই যোগ দিবসকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

You may also like

Leave a Comment