Home » Blog » কৈলাশহরে জমি বিবাদে দুই ভাই নিহত

কৈলাশহরে জমি বিবাদে দুই ভাই নিহত

কৈলাশহরে জমি সংক্রান্ত বিবাদের জেরে মর্মান্তিক ঘটনা: পারস্পরিক আঘাতে প্রাণ গেল দুই ভাইয়ের

by Planet Tripura
0 comments 40 views

জমি বিবাদের নির্মম পরিণতির ঘটনা : ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের, গুরুতর আহত ছেলে।

কৈলাশহর, ঊনকোটি জেলা, ২০ জুন:  জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইলো কৈলাশহরের চন্ডিপুর কেন্দ্রের ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকাবাসি । একে অপরের পারস্পরিক আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন সহোদর দুই ভাই। গুরুতর আহত হয়েছেন তাদের একজনের পুত্রও।

মৃতদের মধ্যে বড় ভাই ময়ূর চাঁদ সিনহা (পেশায় রাজমিস্ত্রি) এবং ছোট ভাই নীলধ্বজ সিনহা (অবসরপ্রাপ্ত আর্মি কর্মী)। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক জমি নিয়ে বিবাদ চলছিল, যা একাধিকবার চেষ্টা করেও মেটানো যায়নি ।

ঘটনার দিন সন্ধ্যায় ছোট ভাই নীলধ্বজ বড় ভাইয়ের ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে তিনি ছুরি দিয়ে বড় ভাইকে আঘাত করেন। পাল্টা আঘাতে বড় ভাইও ছোট ভাইকে গুরুতরভাবে জখম করেন। এই সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সংঘর্ষের সময় বড় ভাইয়ের ছেলেও গুরুতর আহত হন, তাকে তড়িঘড়ি কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কৈলাশহর থানার পুলিশ। তদন্তের তত্ত্বাবধানে স্বয়ং উপস্থিত হন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা কর , সঙ্গে ছিলেন অন্য পুলিশ আধিকারিকরাও। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের জন্য আনা হয় ডগ স্কোয়াডও। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফুলতলী গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃদুল সিনহা দুই পরিবারের দীর্ঘদিনের জমি বিবাদের প্রসঙ্গ তুলে ধরেন।

এলাকাবাসীর মধ্যে এই ঘটনা গভীর শোকের সৃষ্টি করেছে। ঘটনার পূর্ণ বিবরণ এবং প্রকৃত কারণ স্পষ্ট হবে ময়না তদন্তের রিপোর্ট ও পুলিশি তদন্ত শেষ হওয়ার পর।
প্ল্যানেট ত্রিপুরার প্রতিবেদন।

You may also like

Leave a Comment