Home » Blog » ঘরের মেঝে খুঁড়ে বিপুল গাঁজা উদ্ধার, পলাতক বাড়িওয়ালা

ঘরের মেঝে খুঁড়ে বিপুল গাঁজা উদ্ধার, পলাতক বাড়িওয়ালা

দক্ষিণ ত্রিপুরায় মাটির নিচে ২১০.৫ কেজি গাঁজা উদ্ধার

by Planet Tripura
0 comments 28 views

দক্ষিণ ত্রিপুরায় পুলিশের মেগা সাফল্য: ঘরের মেঝে খুঁড়ে মাটির নিচ থেকে উদ্ধার ২১০.৫ কেজি গাঁজা, পলাতক বাড়িওয়ালা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ত্রিপুরা: মাননীয় মুখ্যমন্ত্রীর “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং পুলিশ মহাপরিচালক (DGP) শ্রী অনুরাগ (IPS)-এর কঠোর নির্দেশের প্রেক্ষিতে রাজ্যে মাদকবিরোধী অভিযানে ফের এক বিরাট সাফল্য পেল দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। পি.আর. বাড়ি থানা এলাকার পশ্চিম পিপারিয়াখোলায় ঘরের মেঝে খুঁড়ে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ বাহিনী। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ২১০.৫ কেজি। এই ঘটনাকে দক্ষিণ ত্রিপুরা জেলার মাদকবিরোধী লড়াইয়ে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মাটির নিচে প্লাস্টিকের ড্রাম ও বস্তায় লুকিয়ে ছিল মাদক

ঘটনার বিবরণে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার পি.আর. বাড়ি থানার এসআই (SI) রতন রবি দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পশ্চিম পিপারিয়াখোলা এলাকায় এক সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে ডিওয়াইএসপি (DYSP) কে. রিয়াং (প্রবেশন), এসআই নিরান দেববর্মা, এসআই বিকাশ দেবনাথ সহ জেলা মোবাইল ফরেনসিক টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এলাকার একটি নবনির্মিত বসতবাড়িতে তল্লাশি চালানোর সময় পুলিশের অভিজ্ঞ চোখ এড়ায়নি ঘরের মেঝেটি। এরপরই সন্দেহভাজন ঘরের মেঝে খুঁড়তেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। মাটির নিচ থেকে একে একে উদ্ধার হয় মাদক ভর্তি ৬টি বড় প্লাস্টিকের ড্রাম ও ৫টি বস্তা। ড্রাম ও বস্তাগুলো খুলতেই উদ্ধার হয় ২১০.৫ কেজি শুকনো গাঁজা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে চম্পট দেয় বাড়ির মালিক ও ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তরা। ঘটনাস্থল থেকে মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরবাইক (নম্বর: TR-08-G-7953) বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এনডিপিএস আইনে মামলা রুজু, পলাতকদের খোঁজে তল্লাশি

এই মেগা মাদক উদ্ধারের ঘটনায় পি.আর. বাড়ি থানায় কঠোর মাদকবিরোধী আইন অর্থাৎ এনডিপিএস (NDPS Act) এর ২০(বি)(ii)(C), ২৫ এবং ২৯ ধারায় একটি মামলা (মামলা নং- ১৮/২০২৬) রুজু করা হয়েছে।

দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার (SP) শ্রী মৌর্য কৃষ্ণ (IPS) জানিয়েছেন— “দক্ষিণ ত্রিপুরার প্রতিটি প্রান্তে মাদক কারবারী ও পাচারকারীদের বিরুদ্ধে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই চক্রের মূল মাথাদের চিহ্নিত করা গেছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ দল লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে এবং খুব দ্রুত তারা আইন ও পুলিশের জালে ধরা পড়বে।”

গোয়েন্দা তথ্যভিত্তিক এই সফল অভিযানের পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ত্রিপুরার মাদকের জাল সম্পূর্ণ ছিন্ন না হওয়া পর্যন্ত এই ধরনের কঠোর এবং আপসহীন অভিযান আগামী দিনেও জারি থাকবে। এদিকে, ঘর থেকে এভাবে মাটির তলা খুঁড়ে বিপুল গাঁজা উদ্ধারের ঘটনায় গোটা পশ্চিম পিপারিয়াখোলা এবং সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

You may also like

Leave a Comment