Home » Blog » ফেসবুকে উন্নয়নের ছবি, বাস্তবে ভাঙা রাস্তা !

ফেসবুকে উন্নয়নের ছবি, বাস্তবে ভাঙা রাস্তা !

জোলাইবাড়ীতে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

by Planet Tripura
0 comments 122 views

প্ল্যানেট ত্রিপুরা প্রতিনিধিঃ  সামাজিক মাধ্যমে উন্নয়নের একের পর এক ছবি তুলে ধরা হলেও বাস্তবে কি সত্যিই উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে? স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, উন্নয়নের প্রচার যতটা হচ্ছে, বাস্তব চিত্র তার সম্পূর্ণ বিপরীত। রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন বহু মানুষ।

২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে পরাজিত করে বিজেপি-আইপিএফটি জোটের প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া জোলাইবাড়ী কেন্দ্র থেকে জয়ী হন। পরবর্তীতে তাঁকে রাজ্যের মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এলাকার মানুষ আশা করেছিলেন, মন্ত্রীর নেতৃত্বে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তবে স্থানীয়দের অভিযোগ, সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা ছবি ও প্রচার দেখা গেলেও বাস্তবে বহু এলাকায় এখনও মৌলিক পরিকাঠামোর অভাব রয়ে গেছে। অভিযোগ উঠেছে, জোলাইবাড়ী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে নতুন গ্যালারি নির্মাণের নামে পুরনো কাঠামো সংস্কার করেই বিপুল অর্থ ব্যয়ের দাবি করা হয়েছে। য

দিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পশ্চিম জোলাইবাড়ী পশুখামার এলাকার বাসিন্দারা সংবাদমাধ্যমের সামনে রাস্তা ও পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেছেন। তাঁদের দাবি, বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তার সংস্কার দীর্ঘদিন ধরে করা হয়নি।

পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। স্থানীয়দের বক্তব্য, বছরের পর বছর কেটে গেলেও এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং পানীয় জলের সংকট দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে তাঁরা এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে রাজনৈতিক মহলেও জোলাইবাড়ীর উন্নয়ন নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। লোকমুখে প্রশ্ন উঠছে, এলাকার উন্নয়নে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার ভূমিকা কতটা কার্যকর? সম্প্রতি অনুষ্ঠিত এডিসি নির্বাচন নিয়েও রাজনৈতিক মহলে নানা জল্পনা রয়েছে।

বিরোধী মহলের দাবি, জোলাইবাড়ী এলাকায় আইপিএফটি প্রার্থী দেওয়ার ফলে ভোট বিভাজন হয়েছে এবং তার সুবিধা পেয়েছে প্রতিপক্ষ। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকে ভিন্ন মতও রয়েছে। তবে রাজনৈতিক বিতর্কের বাইরে সাধারণ মানুষের মূল দাবি একটাই— দ্রুত রাস্তার উন্নয়ন এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা।

জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পশ্চিম জোলাইবাড়ী এলাকার বাসিন্দাদের এই অভিযোগ ও দাবির পর প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী। উন্নয়নের দাবি ও বাস্তব পরিস্থিতির এই ব্যবধান নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

You may also like

Leave a Comment