তেলিয়ামুড়া প্রতিনিধি: তেলিয়ামুড়ার যুবক-যুবতীদের সুপ্ত প্রতিভাকে বিকাশ করার এবং তাদের জন্য একটি বড় মঞ্চ তৈরি করে দেওয়ার লক্ষ্য নিয়ে মহকুমার বুকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ‘তেলিয়ামুড়া ইউথ ফেস্ট – ২০২৬’। স্থানীয় জনপ্রিয় সামাজিক সংস্থা ‘তেলিয়ামুড়া ইয়ুথ অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এই অভিনব উৎসবের আয়োজন করা হয়েছে।
এই প্রথম ছকের বাইরের এমন একটি বড় মাপের যুব উৎসবকে কেন্দ্র করে গোটা তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মেগা এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক কর্মসূচি।
এই কর্মসূচির অংশ হিসেবেই আজ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক বর্ণাঢ্য ‘বসে আঁকো প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, আজকের এই প্রতিযোগিতায় খুদে ও স্কুল পড়ুয়াদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। তেলিয়ামুড়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০-রও বেশি ছাত্র-ছাত্রী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের তুলির টানে ক্যানভাস ভরিয়ে তোলে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বর্তমানে চলতে থাকা বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচির পাশাপাশি এক জমকালো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ২৮ জুন তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘তেলিয়ামুড়া ইউথ ফেস্ট – ২০২৬’-এর মূল উৎসব। উৎসবের দিন এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে ‘ইয়ুথ পার্লামেন্ট’ (Youth Parliament), যেখানে যুব সমাজ দেশ ও দশের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরবে।
প্রথমবারের এই ঐতিহাসিক যুব উৎসবকে সফল করে তুলতে তেলিয়ামুড়া ইয়ুথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহকুমার সর্বস্তরের সাধারণ মানুষ, অভিভাবক ও যুবসমাজকে আগামী ২৮ জুনের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।