Home » Blog » Agartala Airport News : যাত্রী পরিষেবায় নতুন সুবিধার সংযোজন

Agartala Airport News : যাত্রী পরিষেবায় নতুন সুবিধার সংযোজন

আগরতলা বিমানবন্দরে যাত্রী পরিষেবায় নতুন সুবিধার সংযোজন

by Planet Tripura
0 comments 77 views

আগরতলা বিমানবন্দরে যাত্রী পরিষেবায় নতুন মাত্রা, সাংবাদিক সম্মেলনে একাধিক উদ্যোগের ঘোষণা

আগরতলা, প্রতিনিধি :

মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে যাত্রী পরিষেবাকে আরও আধুনিক ও উন্নত করতে একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিমানবন্দরের আধিকারিকরা জানান, আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এবং বিমানবন্দর সম্পূর্ণরূপে প্রস্তুত।

আধিকারিকরা জানান, বিমানবন্দরে এখন রয়েছে নিজস্ব কাউন্টার, পৃথক আগমন ও প্রস্থান ব্যবস্থা এবং আধুনিক টার্মিনাল ভবন। যাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু রয়েছে। পাশাপাশি, যাত্রীরা যাতে দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয়, সেজন্য চালু করা হয়েছে ‘সেলফ চেক-ইন’ মেশিন। এর মাধ্যমে যাত্রীরা নিজেরাই চেক-ইন সম্পন্ন করে বোর্ডিং পাস সংগ্রহ করতে পারবেন এবং সরাসরি নিরাপত্তা তল্লাশি এলাকায় প্রবেশ করতে পারবেন।

শিশুদের কথা মাথায় রেখে বিমানবন্দরে বিশেষ ‘চাইল্ডকেয়ার রুম’-এর ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া কম খরচে খাবার সরবরাহের লক্ষ্যে চালু করা হয়েছে ‘উড়ান যাত্রী ক্যাফে’। এখানে মাত্র ১০ টাকায় চা, ২০ টাকায় সিঙ্গারা ও মিষ্টি এবং স্বল্পমূল্যে অন্যান্য নাস্তা পাওয়া যাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, যাত্রীরা এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

জানা গেছে, দেশের ৩৪টি বিমানবন্দরে এই পরিষেবা চালু থাকলেও আগরতলা বিমানবন্দর তার অন্যতম। এছাড়া ধূমপায়ীদের জন্য বিশেষ ‘স্মোকিং লাউঞ্জ’ তৈরি করা হয়েছে। স্থানীয় উপজাতি সম্প্রদায়ের হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রির জন্যও বিশেষ জায়গার ব্যবস্থা করা হয়েছে, যা স্থানীয় শিল্পীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

শুধু তাই নয়, বিমানবন্দরে একটি বইয়ের তাক বা লাইব্রেরি কর্নারও রাখা হয়েছে, যেখানে যাত্রীরা অপেক্ষার সময় বই পড়তে পারবেন কিংবা বই সঙ্গে নিয়ে যেতে পারবেন।

সাংবাদিক সম্মেলনে বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানান, যাত্রী নিরাপত্তা, চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং জরুরি পরিষেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে অনেক সময় বিমান সংস্থাগুলোর ফ্লাইট সূচির পরিবর্তনের কারণে বিমানবন্দরের কার্যক্রমেও সময়সূচি অনুযায়ী পরিবর্তন আনতে হয় বলে জানান তারা।

সব মিলিয়ে, যাত্রীবান্ধব পরিষেবা এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিয়ে আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দর এখন উত্তর-পূর্ব ভারতের অন্যতম আধুনিক বিমানবন্দর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছে।

You may also like

Leave a Comment