সামাজিক সুরক্ষায় বড় সাফল্য: বাজেটে ঘোষিত ৪টি নতুন প্রকল্পের সফল বাস্তবায়ন শুরু, জানালেন মন্ত্রী টিংকু রায়
রাজ্যের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক সুরক্ষা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক নতুন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি করল রাজ্য সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে ঘোষিত চারটি নতুন সামাজিক প্রকল্প ইতিমধ্যেই কার্যকর হয়েছে বলে জানালেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।
মঙ্গলবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, রাজ্যের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট ঘোষিত প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।
কন্যাশিশুদের সুরক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু হয়েছে। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার আওতায় অন্ত্যোদয় পরিবারের কন্যাদের বিবাহে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী কন্যা সমৃদ্ধি যোজনায় নবজাতক কন্যাশিশুর নামে ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করা হচ্ছে।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। CMSPID প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই ৩ হাজার ৪৯২ জনকে মাসিক ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি ২৫ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক রিক্রিয়েশন সেন্টার নির্মাণের কাজ চলছে।
বর্তমানে রাজ্যে ২০ হাজারেরও বেশি দিব্যাঙ্গ ব্যক্তি প্রতি মাসে ২ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির আধুনিকীকরণে ১০০টি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম মডেল অঙ্গনওয়াড়ি হিসেবে রূপান্তর করা হয়েছে এবং ৫৬২টি কেন্দ্রকে ‘সক্ষম অঙ্গনওয়াড়ি’ হিসেবে উন্নীত করা হয়েছে।
এছাড়া কর্মজীবী মহিলাদের জন্য ১১৪ কোটি টাকা ব্যয়ে ১০টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। শিশু সুরক্ষা, মাতৃকল্যাণ এবং জনজাতি এলাকাগুলিতে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের কাজও অব্যাহত রয়েছে।
মন্ত্রী টিংকু রায় জানিয়েছেন, সরকার কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছে।