Home » Blog » Dharmanagar :ওষুধে ডিসকাউন্ট দেওয়াই কি অপরাধ?

Dharmanagar :ওষুধে ডিসকাউন্ট দেওয়াই কি অপরাধ?

ধর্মনগরে ব্যবসায়ী দেবার্ঘ্য ভৌমিককে মানসিক হেনস্তার অভিযোগ

by Planet Tripura
0 comments 7 views

নিজের পকেট থেকে রোগীদের ওষুধে ডিসকাউন্ট বা ছাড় দেওয়াটাই কি এখন সবথেকে বড় অপরাধ? ছাড় দেওয়ার অপরাধে কি এবার বন্ধ হয়ে যাবে ব্যবসা? ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে এক প্রতিষ্ঠিত ওষুধ ব্যবসায়ীর অসহায় আর্তনাদ ঘিরে এখন তীব্র চাঞ্চল্য উত্তর ত্রিপুরা জেলা জুড়ে। অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের কতিপয় কিছু ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসা বন্ধ করে দেওয়ার এবং প্রতিনিয়ত মানসিক ভাবে হেনস্তা করার এক বিস্ফোরক অভিযোগ তুললেন এক ওষুধ ব্যবসায়ী।

ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগরের সুপরিচিত ওষুধ ব্যবসায়ী মেসার্স উষা ভৌমিক মেডিকোস-এর কর্ণধার দেবার্ঘ্য ভৌমিক দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। সাধারণ ও অভাবী মানুষের সুবিধার্থে তিনি প্রায়শই ওষুধের ওপর বিশেষ ডিসকাউন্ট বা ছাড় দিয়ে থাকেন। কিন্তু, অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের প্রতি এই মানবিকতাই এখন তাঁর ব্যবসার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। দেবার্ঘ্য বাবুর দাবি, তিনি ওষুধে ডিসকাউন্ট দেওয়ার কারণে ধর্মনগর অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের কতিপয় কিছু ব্যক্তি বিষয়টি একেবারেই ভালোভাবে নিচ্ছেন না।

 

অভিযোগ, অ্যাসোসিয়েশনের সেই প্রভাবশালী অংশটি প্রতিনিয়ত বিভিন্ন ভাবে উনাকে মানসিক হেনস্তা করে যাচ্ছেন। শুধু মানসিক অত্যাচারই নয়, ক্ষমতার দাপট ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে উনার বৈধ ব্যবসা চিরতরে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলেও গুরুতর অভিযোগ তুলেছেন দেবার্ঘ্য ভৌমিক।

যেখানে বর্তমান বাজারে চিকিৎসার খরচ যোগাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন, সেখানে একজন ব্যবসায়ী নিজের লভ্যাংশ থেকে রোগীদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করায় কেন তাঁকে এই ধরণের হেনস্তার শিকার হতে হবে? কেনই বা ক্ষমতার অপব্যবহার করে একজন ব্যবসায়ীর রুজি-রুটিতে আঘাত হানার চেষ্টা চলছে? এই ঘটনায় এখন ক্ষোভে ফুঁসছেন ধর্মনগরের সচেতন মহল। এখন দেখার, এই অসহায় ব্যবসায়ীর পাশে দাঁড়াতে প্রশাসন বা উচ্চপদস্থ নেতৃত্ব কী পদক্ষেপ গ্রহণ করেন।

ধর্মনগর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ 

You may also like

Leave a Comment