Home » Blog » আগরতলার শিবনগরে শিশুশ্রমিক উদ্ধার অভিযান

আগরতলার শিবনগরে শিশুশ্রমিক উদ্ধার অভিযান

শিবনগরের রূপ রেখা ফাস্ট ফুড দোকান থেকে উদ্ধার কিশোর, মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও জরিমানা

by Planet Tripura
0 comments 7 views

নাবালককে দিয়ে কাজ করানোর অভিযোগে আগরতলায় রেস্তোরাঁয় অভিযান, উদ্ধার এক কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:

নাবালককে দিয়ে কাজ করানোর অভিযোগে আগরতলা শহরের শিবনগর এলাকায় অবস্থিত ‘কাজল রেখা’ নামের একটি ফাস্ট ফুডের দোকানে যৌথভাবে অভিযান চালাল রাজ্য শ্রম দপ্তর এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি)। অভিযানে এক নাবালক কিশোরকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

দপ্তর সূত্রে খবর, কয়েক মাস আগেই সংশ্লিষ্ট দোকানের মালিককে সতর্ক করে জানানো হয়েছিল যে নাবালককে কর্মী হিসেবে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। সেই সময় নাবালককে কাজ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে দোকান কর্তৃপক্ষ ওই কিশোরকে কাজে বহাল রাখে।

এই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার আচমকা অভিযান চালানো হয়। অভিযানে দোকান থেকে নাবালক কিশোরকে উদ্ধার করা হয় এবং তার নিরাপত্তা ও পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

শ্রম দপ্তরের কর্মকর্তারা জানান, শিশু শ্রম রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আইন লঙ্ঘনের অভিযোগে দোকানের মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত নিয়ম অনুযায়ী জরিমানাও করা হয়েছে বলে জানা যায়।

এদিকে, এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের শিশু শ্রম সংক্রান্ত আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment