নাগেরজলা মোটরস্ট্যান্ডে হামলার অভিযোগ, কাউন্সিলর অভিজিৎ মল্লিকের গ্রেফতারির দাবিতে এসপি-র কাছে ডেপুটেশন বিএমএস-এর
নিজস্ব প্রতিনিধি, আগরতলা:
নাগেরজলা মোটরস্ট্যান্ডে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। হামলার ঘটনায় বিজেপি কাউন্সিলর অভিজিৎ মল্লিক এবং তাঁর সহযোগীদের গ্রেফতারের দাবিতে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)।
বিএমএস-এর অভিযোগ, দীর্ঘদিন ধরে নাগেরজলা মোটরস্ট্যান্ডে পানীয় জলের সংকটসহ বিভিন্ন নাগরিক সমস্যা বিরাজ করছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কাউন্সিলরকে জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।
সংগঠনের আরও দাবি, ‘কমলিকা’ নামে একটি এনজিওর নাম করে প্রতিদিন মোটরস্ট্যান্ডে চলাচলকারী যানবাহন থেকে অর্থ আদায় করা হচ্ছে। এ বিষয়ে আপত্তি জানিয়ে বিএমএস কর্তৃপক্ষ স্পষ্ট করে দেয় যে, স্ট্যান্ডের মৌলিক সমস্যাগুলির সমাধান না হওয়া পর্যন্ত তারা ওই এনজিওকে কোনও অর্থ প্রদান করবে না।
অভিযোগ, এর জেরেই বিজেপি কাউন্সিলর অভিজিৎ মল্লিকের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি মোটরস্ট্যান্ডে হামলা চালায়। ওই ঘটনায় বিএমএস-এর ৩ থেকে ৪ জন সদস্য গুরুতরভাবে আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বিএমএস-এর প্রতিনিধিদল আগরতলা পশ্চিম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এবং পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।
বিএমএস নেতৃত্বের বক্তব্য, শ্রমিকদের উপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে সংগঠন।
ঘটনাকে কেন্দ্র করে নাগেরজলা মোটরস্ট্যান্ড এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।