Home » Blog » বনভূমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের ভূমিকা প্রশ্নে

বনভূমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের ভূমিকা প্রশ্নে

বনভূমির জমি থেকে অবাধে মাটি কাটার অভিযোগ

by Planet Tripura
0 comments 94 views

কলসীতে বনভূমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা | ২ জুন

দক্ষিণ ত্রিপুরা জেলার কলসী এলাকায় বনভূমির জমি থেকে অবাধে মাটি কাটার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বনদপ্তরের বীট অফিস সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি বনভূমির মাটি কেটে নিয়ে গিয়ে ব্যবসা চালিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগাফা বন বিভাগের অধীন বিভিন্ন এলাকায় বনভূমি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণের ঘটনা নতুন নয়। যদিও মাঝে মধ্যে বনভূমি দখল করে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, তবে বনভূমির মাটি কেটে বিক্রির মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে বনদপ্তরের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, কলসী এলাকায় বনদপ্তরের জমি থেকে প্রকাশ্যে মাটি কেটে নিয়ে যাওয়া হলেও বগাফা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত থাকার পরও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। ফলে বনজ সম্পদ সংরক্ষণে বনদপ্তরের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে শান্তিরবাজার জেলা হাসপাতালের সামনে বনদপ্তরের জমি দখল করে ‘সেন মেডিকেল হল’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগও সামনে এসেছে। পাশাপাশি বনদপ্তরের জমিতে শান্তিরবাজার পুর পরিষদের উদ্যোগে বিভিন্ন দোকানের জন্য স্টল নির্মাণের বিষয়টি নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, বনভূমির জমিতে কীভাবে একের পর এক ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং সরকারি জমির মাটি কেটে কীভাবে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে, তার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তাঁরা বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন।

এছাড়া বনদপ্তরের একাংশের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে বনদপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এখন দেখার বিষয়, অভিযোগগুলির সত্যতা যাচাই করে বনদপ্তর ও প্রশাসন বনভূমির মাটি কাটার ঘটনা এবং বনজমি দখল করে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

You may also like

Leave a Comment