স্মার্ট সিটির ড্রেনে দুর্ঘটনা, গুরুতর আহত প্রাক্তন শিক্ষক মনোজ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় নির্মিত ড্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠল রাজধানী আগরতলায়। রামনগর ২ নম্বর রোড এলাকায় ড্রেন পারাপারের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হলেন প্রাক্তন শিক্ষক মনোজ রায়।
জানা গেছে, শনিবার সকালে তিনি নিজের প্রতিষ্ঠিত বাণীবিদ্যাপীঠ স্কুলে ফুলের বাগানের পরিচর্যা করতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার পাশের ড্রেনের উপর অস্থায়ীভাবে রাখা একটি পুরনো বাঁশের সাঁকো ভেঙে পড়ে যায়। ফলে তিনি সরাসরি ড্রেনের মধ্যে পড়ে গুরুতরভাবে আহত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ড্রেনের ভেতরে থাকা একটি লোহার রড তার বুকের অংশে আঘাত করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আগরতলা ক্লাবের তিন সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেন। চিকিৎসকদের মতে, আঘাত গুরুতর হলেও সৌভাগ্যবশত ক্ষতটি প্রাণঘাতী পর্যায়ে পৌঁছায়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, ড্রেন পারাপারের সময় দুর্ঘটনায় আহত হয়ে মাঝেমধ্যেই রোগীরা চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন। ফলে শহরের বিভিন্ন এলাকায় নির্মীয়মাণ বা খোলা ড্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড্রেন নির্মাণের পরও বহু জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। কোথাও অস্থায়ী বাঁশের সাঁকো, কোথাও আবার খোলা অবস্থায় পড়ে রয়েছে ড্রেন। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এলাকাবাসীর দাবি, পুরনিগম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মনোজ রায়ের ঘটনাকে সতর্কবার্তা হিসেবে দেখে অবিলম্বে নিরাপদ পারাপারের ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।