Home » Blog » বেহাল রাস্তা ও ভাঙা কালভার্টে দুর্ভোগ সিমনা

বেহাল রাস্তা ও ভাঙা কালভার্টে দুর্ভোগ সিমনা

সংস্কারের দাবিতে সরব মধ্য কোনারঘাট পাড়া, আন্দোলনের হুঁশিয়ারি

by Planet Tripura
0 comments 4 views

সিমনায় বেহাল রাস্তা ও ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে মধ্য কোনারঘাট পাড়ার বাসিন্দারা

মোহনপুর মহকুমার সিমনার মধ্য কোনারঘাট পাড়ায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রধান প্রবেশ পথের রাস্তা এখন কার্যত যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। চলতি বর্ষায় রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির জল ও কাদায় রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এর পাশাপাশি পাড়ায় প্রবেশের মুখে থাকা মূল বক্স কালভার্টটিও ভেঙে চুরমার অবস্থায় পড়ে রয়েছে। ফলে ছোট যানবাহন তো দূরের কথা, জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্স পর্যন্ত এলাকায় প্রবেশ করতে পারছে না।এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বৃদ্ধ-বৃদ্ধা, অসুস্থ রোগী এবং স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা শুধু মধ্য কোনারঘাট পাড়ার মানুষের জন্য নয়, আশেপাশের আরও কয়েকটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। অথচ গুরুত্বপূর্ণ এই রাস্তা ও কালভার্ট দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও প্রশাসনের তরফে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলের নেতারা রাস্তা ও কালভার্ট সংস্কারের আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু নির্বাচন শেষ হতেই সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয়নি।স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

এদিকে দ্রুত রাস্তা ও বক্স কালভার্ট সংস্কারের দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ। তাদের হুঁশিয়ারি, অবিলম্বে সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

You may also like

Leave a Comment