Home » Blog » রাস্তায় দুর্ভোগ, দুর্নীতির অভিযোগে সরব এমডিসি

রাস্তায় দুর্ভোগ, দুর্নীতির অভিযোগে সরব এমডিসি

দুর্নীতির অভিযোগে সরব এমডিসি রতীশ ত্রিপুরা

by Planet Tripura
0 comments 2 views

৪ কিলোমিটার রাস্তায় নরক যন্ত্রণা, দুর্নীতির অভিযোগে সরব এমডিসি রতীশ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  :
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ৪ নং করমছড়া কেন্দ্রের ঊনকোটি এডিসি ভিলেজে আজও উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নুনছড়া থেকে কলোনি পিজিবি ভায়া শিববাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কটির বেহাল দশার কারণে প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয়। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার রাস্তার অস্তিত্বই প্রায় মুছে গেছে। ফলে এলাকার শতাধিক পরিবারকে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

বৃহস্পতিবার এলাকার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান স্থানীয় এমডিসি রতীশ ত্রিপুরা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৪ নং করমছড়া কেন্দ্রের YTF সভাপতি মিন্টু ত্রিপুরা, তিপরা মথা দলের ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক রুইথাঙ্গা ডার্লং সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা।

এদিন দীর্ঘদিনের দুর্ভোগ ও বঞ্চনার কথা তুলে ধরে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। অনেকেই অভিযোগ করেন, ভোটের সময় নেতাদের আনাগোনা বাড়লেও ভোট শেষ হলেই সাধারণ মানুষের সমস্যার কথা আর কারও মনে থাকে না।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই রাস্তা দিয়েই ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হয়, রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হয় এবং কৃষকদের উৎপাদিত ফসল বাজারে পৌঁছে দিতে হয়। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিদিনই চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। গর্ভবতী মহিলা থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধাদেরও যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ।

এলাকাবাসীর দাবি, বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বিষয়টি জানানো হলেও বাস্তবে কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। এদিন এমডিসি রতীশ ত্রিপুরার সামনে স্থানীয়রা অভিযোগ করেন, উন্নয়নের নামে পাহাড়ি এলাকায় কোটি কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

অভিযোগ উঠেছে, স্বশাসিত জেলা পরিষদে তিপরা মথার সরকার থাকা সত্ত্বেও পাহাড়ের জনজাতি মানুষ আজও মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও রাস্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলেও দাবি করেন স্থানীয়রা।

গ্রামবাসীদের আরও অভিযোগ, উন্নয়নের নামে বরাদ্দ হওয়া বিপুল সরকারি অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। কাগজে-কলমে প্রকল্পের কাজ দেখানো হলেও বাস্তবে অধিকাংশ প্রকল্পের কোনো অস্তিত্ব নেই বলে দাবি তাঁদের।

রাজনৈতিক মহলেও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, জনজাতিদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা স্বশাসিত জেলা পরিষদের আমলেও কেন পাহাড়ের বহু এলাকায় মৌলিক পরিষেবার এমন করুণ অবস্থা।

এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কার, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয়রা।

You may also like

Leave a Comment