Home » Blog » শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও নৈরাজ্যের অভিযোগ

শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও নৈরাজ্যের অভিযোগ

শিক্ষায় দুর্নীতি ও নৈরাজ্যের অভিযোগে সরব কংগ্রেস

by Planet Tripura
0 comments 2 views

শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও নৈরাজ্যের অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে :
দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে বেসরকারিকরণ, বাণিজ্যিকরণ ও গৈরিকীকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী কেন্দ্রের বিজেপি সরকার এবং বিভিন্ন “ডাবল ইঞ্জিন” রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগে অনিয়মকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক বছরে দেশের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির মাত্রা ভয়াবহ আকার নিয়েছে। প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা, জয়েন্ট এন্ট্রান্স, চিকিৎসা শিক্ষা, বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্থের বিনিময়ে পাশ-ফেল ও যোগ্যতা নির্ধারণের অভিযোগ উঠছে।

একইসঙ্গে প্রতিবছর পাঠ্যপুস্তক পরিবর্তন, নোট বইয়ের বাণিজ্য এবং শিক্ষা সামগ্রী কেনাকাটায় ব্যাপক দুর্নীতির অভিযোগও তুলে ধরা হয়। প্রদেশ কংগ্রেসের দাবি, কেন্দ্রীয় স্তরে NEET, JEE, UPSC ও CBSE-র মতো পরীক্ষাগুলিতে ধারাবাহিকভাবে প্রশ্নফাঁস ও মূল্যায়ন সংক্রান্ত অনিয়ম সামনে আসছে।

সাম্প্রতিক সময়ে CBSE-র OSM মূল্যায়ন প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত সংস্থা COMPT-এর বিরুদ্ধে গুরুতর অসংগতির অভিযোগও তোলা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, পরীক্ষার্থীদের উত্তরপত্রের বিভিন্ন পৃষ্ঠায় হাতের লেখার অমিলসহ একাধিক অনিয়ম ধরা পড়েছে, যা গোটা মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

এছাড়া, পূর্বে “গ্লোবারিনা” নামে পরিচিত ওই সংস্থাটি অতীতেও বিভিন্ন বিতর্কে জড়িত ছিল বলেও অভিযোগ করা হয়। কংগ্রেসের বক্তব্য, এই ধরনের সংস্থার হাতে কোটি কোটি ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ তুলে দেওয়া কোনো সাধারণ প্রশাসনিক ভুল নয়, বরং এটি একটি সুপরিকল্পিত দুর্নীতির অংশ।

প্রবীর চক্রবর্তী আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উপর বর্তমানে কর্পোরেট কোচিং সেন্টার, মাফিয়া চক্র ও ডিজিটাল জালিয়াতদের নিয়ন্ত্রণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দরিদ্র ও সাধারণ পরিবারের বহু ছাত্র-ছাত্রী হতাশ হয়ে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, আবার কেউ মাদকাসক্তির দিকে ঝুঁকছে বলেও দাবি করা হয়।

বিবৃতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, NTA এবং CBSE প্রধানকে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে সুপ্রিম কোর্টের কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবিও তোলে প্রদেশ কংগ্রেস।

পাশাপাশি ত্রিপুরায় TPSC-সহ বিভিন্ন নিয়োগকারী সংস্থার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলিরও নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শেষে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য ছাত্র-যুব ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

You may also like

Leave a Comment