Home » Blog » কুশারঘাটে জলমগ্ন রাস্তার প্রতিবাদে পথ অবরোধ,

কুশারঘাটে জলমগ্ন রাস্তার প্রতিবাদে পথ অবরোধ,

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কুশারঘাটের গুরুত্বপূর্ণ সড়ক।

by Planet Tripura
0 comments 3 views

কুশারঘাটে জলমগ্ন রাস্তার প্রতিবাদে পথ অবরোধ, দুর্ভোগে যানচালক ও সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে কুশারঘাট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় মঙ্গলবার সকালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় যানচালক ও বাসিন্দারা। তাদের উদ্যোগে বাইখোড়া–মুহুরীপুর যাতায়াতের সড়কে পথ অবরোধ গড়ে তোলা হয়।

স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশে জল জমে থাকায় চলাচল কার্যত ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাইখোড়া থেকে মুহুরীপুরগামী যানবাহন চালকদের প্রতিদিন সমস্যার মুখে পড়তে হচ্ছে। জমে থাকা পানির কারণে একাধিক যানবাহন বিকল হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ ওঠে।

শুধু যানচালকই নন, এই রাস্তা ব্যবহারকারী সাধারণ মানুষ এবং কুশারঘাট বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। স্থানীয়দের দাবি, বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিক্ষোভ ও অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শান্তিরবাজার মহকুমা প্রশাসনের প্রতিনিধি ডি.সি.এম পবিত্র দাস।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক প্রতিনিধি উপস্থিত হলেও তাৎক্ষণিকভাবে সমস্যার কোনো কার্যকর সমাধান দিতে পারেননি।অবরোধকারীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে দুটি দাবি জানানো হয়, প্রথমত, দ্রুত জল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পাইপ বসানোর ব্যবস্থা করতে হবে।

দ্বিতীয়ত, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে পাম্প মেশিনের মাধ্যমে জমে থাকা পানি অপসারণ করতে হবে। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিনের এই সমস্যার আর সাময়িক সমাধান নয়, প্রয়োজন স্থায়ী পরিকাঠামোগত উদ্যোগ।এখন দেখার বিষয়, কুশারঘাট এলাকার মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

You may also like

Leave a Comment