আগরতলা রেলস্টেশনে মাদকবিরোধী অভিযানে সাফল্য, কফ সিরাপসহ গ্রেপ্তার ৪, গাঁজাসহ আটক ২ কিশোর
নিজস্ব প্রতিনিধি, আগরতলা : আগরতলা রেলস্টেশন এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল জিআরপি পুলিশ। পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুই কিশোরকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মে রাত প্রায় ৯টা ১০ মিনিট নাগাদ আগরতলা রেলস্টেশনের পার্কিং এলাকায় আরপিএফ পোস্ট ও পে-অ্যান্ড-ইউজ টয়লেটের মাঝামাঝি এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে আটক করা হয়। তাদের কাছে থাকা চারটি পিঠু ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় মোট ২০০ বোতল এসকাফ (Eskuf) কফ সিরাপ, প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে তরল ছিল।
উদ্ধার হওয়া কফ সিরাপের কালোবাজারি মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা বলে জানিয়েছে। জিআরপি ওসি রাজু ভৌমিক। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বিহারের বৈশালী জেলার বাসিন্দা শংকর কুমার (২০), সানি কুমার (১৯), গুড্ডু কুমার (২২) এবং সতীশ কুমার (২০)। পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ২১(সি)/২৯ ধারায় আগরতলা জিআরপিএস থানায় মামলা নং ২০২৬/জিআরপি/০৩৪ রুজু করে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টা নাগাদ একই এলাকায় আরও একটি অভিযান চালিয়ে দুই কিশোরকে আটক করা হয়। তাদের ট্রলি ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় মোট ১২.২৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন ইন্সপেক্টর রাজু ভৌমিক।
পুলিশ জানিয়েছে, আটক দুইজনই নাবালক হওয়ায় তাদের পরিচয় গোপন রাখা হচ্ছে এবং কিশোর বিচার আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এ ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় এনডিপিএস আইনের ২০(বি)(ii)(বি)/২৯ ধারায় মামলা নং ২০২৬/জিআরপি/০৩৫ রুজু করা হয়েছে । রেলস্টেশন ও সংলগ্ন এলাকায় মাদক পাচার রোধে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে জিআরপি থানার ওসি রাজু ভৌমিক ।