NEET প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা : NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার ও জাতীয় পরীক্ষা সংস্থা (NTA)-র বিরুদ্ধে তীব্র সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী দাবি করেন, শুধুমাত্র পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করে এই সমস্যার সমাধান সম্ভব নয়।
বিবৃতিতে বলা হয়, দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী দীর্ঘ সময় ধরে কঠোর প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেয়। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় শুধু একটি পরীক্ষাই নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, মানসিক অবস্থা এবং দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রদেশ কংগ্রেসের অভিযোগ, অতীতেও বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ উঠলেও তার স্থায়ী সমাধান হয়নি। এতে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে বলে দাবি করা হয়। দলটির বক্তব্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও NTA-র দায়িত্বশীল পদাধিকারীদের জবাবদিহির আওতায় এনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।
একইসঙ্গে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। প্রদেশ কংগ্রেসের মতে, দেশের মেধাবী ছাত্র-যুব সমাজের আস্থা পুনরুদ্ধার এবং শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের আরও কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করা জরুরি।