Home » Blog » বিলোনিয়ায় দুই বাংলাদেশি নারী গ্রেপ্তার, ছাড় পেল গাড়িচালক

বিলোনিয়ায় দুই বাংলাদেশি নারী গ্রেপ্তার, ছাড় পেল গাড়িচালক

দুই বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

by Planet Tripura
0 comments 5 views

অবৈধ অনুপ্রবেশ মামলায় দুই বাংলাদেশি নারী গ্রেপ্তার, চালকের মুক্তি ঘিরে প্রশ্ন ও ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২১ মে : বিলোনিয়া মহকুমার রাজনগর এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে একই ঘটনায় আটক হওয়া গাড়িচালককে রাতেই ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় মহলে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাজনগর পি আর বাড়ি থানার পুলিশ দুর্গাপুর স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে TR08-B-0303 নম্বরের একটি গাড়ি আটক করে।গাড়ি থেকে মোহাম্মদ রেশমা বেগম (৪২) ও আয়েশা (২৬) নামে দুই মহিলাকে আটক করা হয়। গাড়িটি চালাচ্ছিলেন প্রসেনজিৎ দাস।

প্রাথমিকভাবে আটক দুই নারী নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করলেও পরে জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন। পুলিশি তদন্তে জানা যায়, তারা প্রকাশ নগর সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া টপকে দালালদের সহায়তায় ভারতে প্রবেশ করেন। চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছেন বলে দাবি করলেও তাদের কাছে কোনো বৈধ নথি পাওয়া যায়নি।

পুলিশ তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় অভিবাসন ও বিদেশি আইন অনুযায়ী ২১, ২৩ ও ২৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে দুই মহিলাকে বিলোনিয়া মহকুমা আদালতে সোপর্দ করা হয়। তবে ঘটনার পরই নতুন বিতর্কের সৃষ্টি হয়।অভিযোগ, গাড়ির চালক প্রসেনজিৎ দাসকে রাতেই থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, যে নিয়ে এল তাকে ছাড়া হলো, আর যারা এলো তাদের জেলে পাঠানো হলো, এ কেমন বিচার ? এ প্রসঙ্গে থানার ওসি জানান, ভারতীয় দণ্ডবিধির বিধান অনুযায়ী সাত বছরের কম সাজাযোগ্য মামলায় থানার স্তরেই জামিন দেওয়ার সুযোগ রয়েছে।

তবে মানব পাচার বা অবৈধ অনুপ্রবেশে সহযোগিতার মতো অভিযোগের ক্ষেত্রে এই ব্যাখ্যা কতটা প্রযোজ্য, তা নিয়ে আইনজীবী মহলে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, স্থানীয় সূত্রের দাবি, আর্থিক লেনদেনের পরই চালককে মুক্তি দেওয়া হয়েছে।

যদিও এ অভিযোগ অস্বীকার করে ওসি জানিয়েছেন, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য দালালচক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment