নিজস্ব প্রতিনিধি, কলকাতা , ২২ মে : রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করলো Government of West Bengal। আগামী ১ জুন ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
পরিবহণ দফতর সূত্রে খবর, রাজ্যের স্বল্প ও দীর্ঘ দূরত্বের সমস্ত সরকারি বাসে এই পরিষেবা কার্যকর হবে। মহিলাদের সুবিধার্থে একটি বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে, যাতে থাকবে QR কোড-ভিত্তিক ডিজিটাল ব্যবস্থা। এই স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে সংশ্লিষ্ট BDO অথবা SDO অফিসে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্মার্ট কার্ড তৈরির জন্য আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা রেশন কার্ড-সহ একাধিক পরিচয়পত্র গ্রহণ করা হবে।
তবে স্মার্ট কার্ড চালু না হওয়া পর্যন্ত মহিলারা সরকার স্বীকৃত যেকোনও ফটো আইডি দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সেই ক্ষেত্রে বাসের কন্ডাক্টরদের ‘জিরো ভ্যালু টিকিট’ অথবা ‘থার্মাল পেপার টিকিট’ ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিশেষ করে কর্মজীবী মহিলা, ছাত্রী ও নিত্যযাত্রীদের জন্য এই উদ্যোগ বড় স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে।