Home » Blog » জোলাইবাড়ীতে উদ্বোধন ‘বিবেকানন্দ শিশু উদ্যান’

জোলাইবাড়ীতে উদ্বোধন ‘বিবেকানন্দ শিশু উদ্যান’

পূর্ব চড়কবাইয়ে বিবেকানন্দ শিশু উদ্যানের উদ্বোধন

by Planet Tripura
0 comments 37 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২০ মে : জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পূর্ব চড়কবাই গ্রামপঞ্চায়েত এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো “বিবেকানন্দ শিশু উদ্যান”। স্থানীয় শিশু ও প্রবীণদের অবসর বিনোদনের কথা মাথায় রেখে নির্মিত এই পার্কটি ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। বুধবার আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্যানটির শুভ সূচনা করেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, পূর্ব চড়কবাই গ্রামপঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ শীল এবং এই উন্নয়নমূলক উদ্যোগের অন্যতম উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুজিত দত্ত বলেন, বর্তমান সময়ে ছোট ছোট শিশুরা অতিরিক্ত মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলছে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই শিশুদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে এই পার্ক নির্মাণ করা হয়েছে। তিনি জানান, এখানে শিশুরা অবসর সময়ে খেলাধুলার মাধ্যমে নিজেদের বিকাশ ঘটাতে পারবে এবং প্রবীণরাও সুন্দর পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন। জানা গেছে, প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হয়েছে। পার্কের পাশাপাশি সেখানে স্বামী বিবেকানন্দের একটি মূর্তিও স্থাপন করা হয়েছে। আগামী দিনে এলাকাবাসীর সুবিধার্থে একটি ওপেন জিম সেন্টার গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে আরও নানা উদ্যোগ নেওয়া হবে। পূর্ব চড়কবাই এলাকায় এ ধরনের শিশু উদ্যান গড়ে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও খুশির আবহ লক্ষ্য করা যায়। এলাকাবাসী এই উদ্যোগের জন্য সুজিত দত্তসহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান।

You may also like

Leave a Comment