Home » Blog » স্বর্ণালংকার ছিনতাইয়ে ধরা বিহারের দুই যুবক

স্বর্ণালংকার ছিনতাইয়ে ধরা বিহারের দুই যুবক

ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে বিহারের দুই যুবক

by Planet Tripura
0 comments 44 views

স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে বিহারের দুই যুবক

নিজস্ব প্রতিনিধি : থালা-বাসন পরিষ্কারের অজুহাতে বাড়িতে ঢুকে বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ল বিহারের দুই যুবক। পরে খবর পেয়ে আমতলী থানা-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

বুধবার দুপুরে শ্রীনগর থানার অন্তর্গত এডিসি ভিলেজের টেলরবন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, বৃদ্ধা রাধারানী দেববর্মার বাড়িতে থালা-বাসন পরিষ্কার করার কথা বলে প্রবেশ করে বিহারের দুই যুবক। সেই সময় বাড়িতে কোনও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। অভিযোগ, সুযোগ বুঝে দুই যুবক বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে মোটরবাইকে চেপে পালিয়ে যায়।

বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। সঙ্গে সঙ্গে কাঞ্চনমালা বাজারের কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাকে ফোনে খবর দেওয়া হয়। এরপর বাজার এলাকায় স্থানীয়রা সতর্ক অবস্থানে থাকেন। কিছুক্ষণ পর সন্দেহভাজন দুই যুবক দ্রুতগতিতে বাইক নিয়ে বাজারে ঢুকতেই স্থানীয়রা তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা দুই অভিযুক্তকে মারধর করে আটকে রাখে।

খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ছিনতাই হওয়া সোনার চেইন এবং ঘটনার কাজে ব্যবহৃত BR-39 AH-8350 নম্বরের মোটরবাইকটিও বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম পবন কুমার এবং নীতিশ কুমার। তাদের বাড়ি বিহারের কাটিহার জেলায়।

বুধবার বিকেলে রাধারানী দেববর্মার ছেলে পরিমল দেববর্মা আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত কয়েকদিনে আমতলী বড়ইটিলা ও শিববাড়ি এলাকাতেও একই কায়দায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এবং সেখানে একই মোটরবাইক ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।

You may also like

Leave a Comment