নারী নির্যাতন ও ধর্ষণ রোধে কঠোর আইনের দাবিতে আগরতলায় SUCI(C)-র বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি : সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনার প্রতিবাদে বুধবার আগরতলার সিটি সেন্টারের সামনে বিক্ষোভ সভার আয়োজন করে এস ইউ সি আই (কমিউনিস্ট)। রাজস্থানে দুই বোনের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে দলটি দেশব্যাপী নারী সুরক্ষার দাবিতে আন্দোলনের আহ্বান জানায়।
দলীয় সূত্রে দাবি করা হয়, রাজস্থানে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে গণধর্ষণ করা হয়। পরে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ওই তরুণী আত্মহত্যা করেন। অভিযোগ, ছোট বোন অপরাধীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেও প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে তার উপরও অত্যাচার শুরু হয়। শেষ পর্যন্ত সেও আত্মহত্যার পথ বেছে নেয়।
এই ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সভা থেকে একাধিক দাবি তোলা হয়। দাবিগুলির মধ্যে ছিল— রাজস্থানের ঘটনায় জড়িত অপরাধী ও প্রশাসনিক আধিকারিকদের কঠোর শাস্তি, নারী নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যকর পদক্ষেপ, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি, নারী পাচার ও মাদক রোধে কঠোর ব্যবস্থা এবং সামাজিক মাধ্যমে অশ্লীল প্রচার বন্ধ করা।
বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক অরুন ভৌমিক। তিনি বলেন, “সামাজিক অবক্ষয়, মূল্যবোধের অবনমন, মাদকতার বিস্তার এবং রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের রক্ষা করার সংস্কৃতির ফলেই সমাজে অপরাধপ্রবণতা বাড়ছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে।”
সভায় উপস্থিত বক্তারা নারী সুরক্ষা ও ধর্ষণ বিরোধী কঠোর আইন কার্যকর করার দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান।