মোদী সরকারের নীতি নিয়ে তীব্র সমালোচনা, ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক প্রদেশ কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৯ মে : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বিদেশ সফর এবং নীতিগত অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন। এক প্রেস বিবৃতিতে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর পাঁচ দিনের বিদেশ সফরে বিপুল সরকারি অর্থ ব্যয় হলেও দেশের মানুষের জন্য তার বাস্তব কোনও সুফল স্পষ্ট নয়।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বগুরু হওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে বিভিন্ন দেশে সফর করলেও দেশের অভ্যন্তরে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিদেশি নেতাদের বক্তব্য উদ্ধৃত করে দাবি করা হয়েছে যে ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা হ্রাস এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিক মহলেও আলোচিত হচ্ছে।
নরওয়ে সফরের প্রসঙ্গ তুলে বলা হয়, যৌথ বিবৃতির পর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব এড়িয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। একইসঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ভারতের পিছিয়ে থাকার বিষয়টিও উল্লেখ করা হয়।
এছাড়া পাকিস্তান ইস্যুতে কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতার অভিযোগ তুলে বিবৃতিতে বলা হয়, একদিকে কড়া অবস্থানের কথা বলা হলেও অন্যদিকে গোপন আলোচনার খবর সামনে আসছে। আন্তর্জাতিক বাণিজ্য, নিরাপত্তা ও কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
সবশেষে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে দলমত নির্বিশেষে সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক মানুষের কাছে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।