কুমারঘাটে, পিএম সূর্য ঘর প্রকল্পের নতুন ব্রাঞ্চ উদ্বোধন, সৌরবিদ্যুৎ নিয়ে আশার আলো
নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৯ মে : নবায়নযোগ্য শক্তির প্রসার ও সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যকে সামনে রেখে কুমারঘাটের সারদাপল্লীতে মহামায়া ট্রেডার্সের উদ্যোগে কেন্দ্র সরকারের ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পের একটি নতুন ব্রাঞ্চ অফিসের শুভ সূচনা হয় মঙ্গলবার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার অনুপ ঘোষ, মহামায়া ট্রেডার্সের কর্ণধার বিশ্বজিৎ দাস, বিশিষ্ট অংকন শিল্পী অনিল দে এবং সমাজসেবী কার্তিক দাস সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পের গুরুত্ব ও উপযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপন করে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করা এবং অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করা। এর ফলে একদিকে যেমন বিদ্যুৎ বিল কমবে, অন্যদিকে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি পাবে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ঊনকোটি, উত্তর ত্রিপুরা ও ধলাই জেলার সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। সারদাপল্লীতে অবস্থিত এই নতুন ব্রাঞ্চ অফিসে সরাসরি যোগাযোগ করে গ্রাহকেরা প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য, আবেদন প্রক্রিয়া এবং প্রযুক্তিগত সহায়তা পেতে পারবেন।
এছাড়াও, এই প্রকল্পে কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকেও আকর্ষণীয় ভর্তুকির ব্যবস্থা রয়েছে।ফলে স্বল্প খরচে সৌর প্যানেল স্থাপন করা সম্ভব হচ্ছে, যা সাধারণ মানুষের কাছে এই উদ্যোগকে আরও গ্রহণযোগ্য করে তুলছে।
মহামায়া ট্রেডার্সের তরফে জানানো হয়, তারা গ্রাহকদের জন্য সম্পূর্ণ পরিষেবা প্রদান করবে প্রাথমিক পরামর্শ থেকে শুরু করে ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ এবং পরবর্তী সাপোর্ট পর্যন্ত। ফলে গ্রাহকেরা সহজেই এই আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতা, যেখানে এলাকার বহু প্রতিভাবান ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ট্রফি প্রদান করা হয় এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয় ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সব মিলিয়ে, এই উদ্যোগ কুমারঘাট তথা আশেপাশের অঞ্চলে সৌরবিদ্যুতের প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সকলে।