Home » Blog » রাষ্ট্রীয় মর্যাদায় কালিদাস দত্তের শেষকৃত্য

রাষ্ট্রীয় মর্যাদায় কালিদাস দত্তের শেষকৃত্য

প্রবীণ কংগ্রেস নেতা কালিদাস দত্ত-এর প্রয়াণে শোকের আবহ

by Planet Tripura
0 comments 11 views

রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রাক্তন মন্ত্রী কালিদাস দত্তের শেষকৃত্য সম্পন্ন

ধর্মনগরের প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা কালিদাস দত্ত-এর প্রয়াণে সোমবার গোটা ধর্মনগর জুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। তাঁর নয়াপাড়াস্থ বাসভবন থেকে শেষযাত্রা শুরু হয়ে প্রথমে জেলা কংগ্রেস ভবনে পৌঁছায়, যেখানে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শোকযাত্রা ধর্মনগর মহাশ্মশান ঘাটে পৌঁছালে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত নেতাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি দিগবিজয় চক্রবর্তী, চয়ন ভট্টাচার্য-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্ব।

এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক এবং ধর্মনগর মহকুমার মহকুমাশাসক দেবযানী চৌধুরী-সহ অন্যান্য আধিকারিকরা।

উল্লেখ্য, কালিদাস দত্ত ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ত্রিপুরা সরকারের ভূমিরাজস্ব ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তাঁর প্রয়াণে ধর্মনগরের রাজনৈতিক ও সামাজিক মহলে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে বলে মত বিভিন্ন মহলের।

You may also like

Leave a Comment