নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৬ মে : কালমা হাইস্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের অধীনস্থ এই বিদ্যালয়ের শিক্ষক নান্টু নমঃ-এর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের পক্ষ থেকে গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এসেছে।
অভিযোগ অনুযায়ী, সরকারি নিয়ম অমান্য করে তিনি নিয়মিতভাবে প্রাইভেট টিউশন পরিচালনা করছেন। জানা গেছে, বিদ্যালয়ে আসার পূর্বে পাশ্ববর্তী একটি বাড়িতে ছাত্রছাত্রীদের টিউশন পড়ান তিনি। অভিভাবকদের দাবি, ওই শিক্ষকের কাছে প্রাইভেট টিউশন না নিলে শিক্ষার্থীদের এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হতে সমস্যা তৈরি করা হবে এমন কথাও নাকি বলা হয় তাদের।
ফলে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে টিউশন পরতে গিয়ে বিদ্যালয়ে দেরিতে পৌঁছাচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই শিক্ষকের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে, তাঁর ভাইয়ের দোকান থেকে খাতা কিনতে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, চড়া দামে খাতা কিনতে না চাইলে পড়াশোনায় বাধা সৃষ্টি করা হয়। স্থানীয়দের মতে, শিক্ষকতা পেশার আড়ালে ব্যক্তিগত ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি ভাইয়ের ব্যবসাকেও প্রভাবিত করছেন তিনি। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি জানান, এসব অভিযোগ সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা ছিল না।
তবে তিনি স্বীকার করেন যে, সংশ্লিষ্ট শিক্ষক প্রায়ই বিদ্যালয়ে দেরিতে আসেন এবং তাঁর ভাই খাতা বিক্রির সঙ্গে যুক্ত। প্রধান শিক্ষক আরও জানান, অভিযোগগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় তদন্ত করা হবে।
এদিকে, কালমা এলাকার বাসিন্দারা শিক্ষাদপ্তরের কাছে দাবি জানিয়েছেন, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। ভবিষ্যতে যেন কোনো শিক্ষক এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন এবং শিক্ষার পরিবেশ সুস্থ ও স্বচ্ছ থাকে সেই দাবিই তুলেছেন।
