Home » Blog » বগাফা বনদপ্তরের বিরুদ্ধে সুজিত সেনের জয়

বগাফা বনদপ্তরের বিরুদ্ধে সুজিত সেনের জয়

by Planet Tripura
0 comments 14 views

বগাফা বনদপ্তরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী ব্যবসায়ী সুজিত সেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৬ মে : দীর্ঘ আইনি লড়াইয়ের পর বগাফা বনদপ্তরের বিরুদ্ধে মামলায় জয়ী হলেন শান্তিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুজিত সেন।আদালতের নির্দেশে বনদপ্তরকে তার বৈধভাবে আনা ফার্নিচার ফেরত দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, শান্তিরবাজার শহরের ব্যবসায়ী সুজিত সেন ‘সেন স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে তিনি ২০২৩ সালের ২৩ জানুয়ারি কলকাতা থেকে বৈধ নথিপত্রসহ কিছু ফার্নিচার নিয়ে আসেন। পরদিন, ২৪ জানুয়ারি বগাফা বনদপ্তর ওই ফার্নিচারসহ গাড়ি আটক করে। অভিযোগ, সমস্ত কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও বনদপ্তর ফার্নিচারগুলো বাজেয়াপ্ত করে। এই ঘটনার প্রতিবাদে সুজিত সেন আইনের দ্বারস্থ হন এবং ২০২৪ সালের ৬ জুন বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির পর অবশেষে ৩০ এপ্রিল ২০২৬ আদালত রায় ঘোষণা করে। রায়ে সুজিত সেনের পক্ষে সিদ্ধান্ত দিয়ে বনদপ্তরকে আটক করা ফার্নিচার ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জানা যায়, প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার ৩৭৮ টাকার ফার্নিচার দীর্ঘদিন ধরে আটক রাখা হয়েছিল। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজিত সেন বলেন, আমি চাই শুধু ফার্নিচার ফেরত নয়, আমাকে যে দীর্ঘদিন হয়রানির শিকার হতে হয়েছে, তার জন্য দায়ী কর্মীদের বিরুদ্ধেও দপ্তর যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের সমস্যার সম্মুখীন না হন।

এদিকে, দক্ষিণ জেলার বন দপ্তরের কিছু আধিকারিকের বিরুদ্ধে আগেও নানা অনিয়মের অভিযোগ উঠেছিল।বর্তমানে বগাফা বনদপ্তরের রেঞ্জার ও এসডিএফও-র বিরুদ্ধেও দুর্নীতি, অবৈধ অর্থ লেনদেন এবং বনসম্পদ অপব্যবহারের অভিযোগ উঠছে। অভিযোগ অনুযায়ী, একদিকে বনসম্পদ দস্যুদের কাছে বিক্রি করা হচ্ছে, অন্যদিকে সৎ ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই অভিযোগগুলির প্রেক্ষিতে বনদপ্তর সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

You may also like

Leave a Comment