বিলোনিয়ায় রেশন ব্যবস্থায় অনিয়মে কড়া অভিযান, ১০ ডিলারকে শোকজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৭ এপ্রিল : দক্ষিন ত্রিপুরার বিলোনিয়া মহকুমায় গণবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়মিত পরিষেবা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিয়েছে মহকুমা খাদ্য দপ্তর। ভোক্তারা যাতে নির্দিষ্ট সময়ে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সামগ্রী পান, সেই লক্ষ্যকে সামনে রেখে ধারাবাহিকভাবে রেশন দোকানগুলিতে অভিযান চালানো হচ্ছে।
দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল, বহু ন্যায্যমূল্যের দোকানে পরিষেবা অনিয়মিত, মাসের ১০ তারিখ পেরিয়ে গেলেও রেশন সামগ্রী পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ওজনে কারচুপি, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার নামে হয়রানি এবং ভোক্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মতো অভিযোগও সামনে আসে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে মহকুমার নিহার নগর, রাঙামুড়া, সুকান্ত নগর, মতাই, ঘোষখামার ও ডিমাতলী এলাকায় অভিযান চালিয়ে মোট ১০ জন রেশন ডিলারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পায় দপ্তর। ইতিমধ্যেই তাঁদের শোকজ নোটিস পাঠানো হয়েছে এবং জরিমানাও আদায় করা হয়েছে।
অভিযান চলাকালীন বিলোনিয়া শহরের কালিনগর মোটরস্ট্যান্ড সংলগ্ন তুলসী পেট্রোলিয়াম এজেন্সির রিটেইল সেলস লাইসেন্স জমা না দেওয়ায় সংশ্লিষ্ট ইউনিটটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।ভারপ্রাপ্ত মহকুমা খাদ্য নিয়ামক মলয় চৌধুরী জানান, ভোক্তারা যাতে কোনোভাবেই সঠিক পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য দপ্তর সর্বদা সচেষ্ট। গত বছরের নভেম্বর মাসে দায়িত্ব গ্রহণের পর থেকেই গণবণ্টন ব্যবস্থাকে আরও সহজলভ্য ও স্বচ্ছ করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। মহকুমা ডিসিএম সুকান্ত দে-কে সঙ্গে নিয়ে বিভিন্ন রেশন দোকানে পরিদর্শন চালিয়ে একাধিক অনিয়ম ধরা পড়ে, যার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট ডিলাররা।
ওজনে কারচুপি রোধে ইতিমধ্যেই প্রতিটি রেশন দোকানে ডিজিটাল ওজন মাপার যন্ত্র বসানো হয়েছে। এর ফলে ভোক্তারা নিজেরাই ওজন যাচাই করতে পারবেন। কোনো অভিযোগ পেলে দপ্তর তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। বর্তমানে ন্যায্যমূল্যের দোকানগুলিতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে।
তবে ভর্তুকি মূল্যে রান্নার তেল সরবরাহ আপাতত বন্ধ রয়েছে বলে জানান খাদ্য নিয়ামক।এছাড়া, কোনো মাসে দেরিতে সামগ্রী পৌঁছালে পরবর্তী মাসে তা ভোক্তাদের মধ্যে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে ডিলারদের। এদিকে, এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ গ্রাহকের হাতে পিভিসি কার্ড পৌঁছেছে। কিছু ক্ষেত্রে নথিপত্রের ত্রুটি ও দেরিতে জমা পড়ার কারণে বাকি গ্রাহকদের কার্ড প্রদান বিলম্বিত হয়েছে। তবে খুব শীঘ্রই সকল উপভোক্তার হাতে নতুন পিভিসি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

