নগরোন্নয়ন বনাম মানবিকতা, অভয়নগরে উত্তাল পরিস্থিতি,
পুরভোটের আগে বাড়ছে রাজনৈতিক চাপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৬ এপ্রিল : স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদ নোটিশ জারি হওয়ায় রবিবার উত্তাল হয়ে ওঠে জিবি অভয়নগর রোড সংলগ্ন এলাকা। দীর্ঘদিন ধরে নদীর পাড়ে বসবাসকারী বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। প্রশাসনের পক্ষ থেকে পরপর দুই দফায় নোটিশ এবং মাইকিং করে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হলেও, পুনর্বাসনের কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় ক্ষোভ চরমে পৌঁছেছে।
স্থানীয়দের অভিযোগ, আগরতলা পুর নিগমের উদ্যোগে খাল সংস্কারের কাজ শুরু করতে গিয়ে প্রশাসন হঠাৎ করেই উচ্ছেদের প্রক্রিয়া জোরদার করেছে। অথচ, বহু বছর ধরে এখানে বসবাসকারী পরিবারগুলোর জন্য বিকল্প বাসস্থানের কোনও পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে দিন আনা দিন খাওয়া মানুষজন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বিক্ষোভে সামিল বাসিন্দাদের অনেকেই জানান, মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে ঋণ নিয়ে কোনওমতে সংসার চালাচ্ছেন।
কেউ গৃহপরিচারিকার কাজ করেন, কেউ ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। হঠাৎ উচ্ছেদের মুখে পড়লে তাঁদের জীবিকা ও সন্তানের শিক্ষার ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। তাঁদের সাফ কথা, পুনর্বাসন না হলে উচ্ছেদ মানি না। প্রয়োজনে চরম আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ এবং মহকুমা প্রশাসনের প্রতিনিধি ডিসিএম সন্দিপ দেববর্মা। প্রশাসনের তরফে সাময়িক সময়সীমা দেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও, আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুনর্বাসনের লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাঁরা ঘর ছাড়বেন না।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে সরকারের মানবিক অবস্থান নিয়ে। নগরোন্নয়নের স্বার্থে প্রকল্প বাস্তবায়ন জরুরি হলেও, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন ও মানবিকতা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই প্রশাসনের বড় চ্যালেঞ্জ।এদিকে, এই ইস্যুকে হাতিয়ার করে মাঠে নেমেছে সিপিআইএম। দলের পক্ষ থেকে অভিযোগ, গরিব মানুষদের উচ্ছেদ করে স্মার্ট সিটি গড়া হচ্ছে, যা আসলে অমানবিক উন্নয়ন। গত কয়েকদিন ধরেই তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং পুনর্বাসনের দাবি জোরদার করেছে।
শুধু অভয়নগর নয়, আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়ে নগরোন্নয়নের নামে উচ্ছেদ অভিযানকে ঘিরে ক্ষোভ বাড়ছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে নিম্নবিত্ত বাসিন্দারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। অভিযোগ উঠছে, পর্যাপ্ত পরিকল্পনা ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সামনেই আগরতলা পুর নিগম নির্বাচন। এই পরিস্থিতিতে উচ্ছেদ ইস্যু রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শহরের নিম্নবিত্ত ও প্রান্তিক ভোটব্যাঙ্কের মধ্যে যদি এই ক্ষোভ আরও বাড়ে, তাহলে তা নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে।
বিশেষত বিরোধীরা যদি এই ইস্যুকে সংগঠিতভাবে তুলে ধরতে পারে, তবে শাসক দলের জন্য তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অভয়নগরের কাটা খাল সংস্কার প্রকল্প এখন শুধুমাত্র একটি উন্নয়নমূলক কাজের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা এবং রাজনৈতিক লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ ইস্যুতে। আগামী দিনে প্রশাসন কীভাবে এই পরিস্থিতি সামাল দেয় এবং পুনর্বাসনের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা শহর।
