Home » Blog » বিদ্যুৎ নিগমে দুর্বলতা, মন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

বিদ্যুৎ নিগমে দুর্বলতা, মন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

by Planet Tripura
0 comments 21 views

বিদ্যুৎ নিগমের পারফরম্যান্স নিয়ে বিতর্ক, মন্ত্রীর পদত্যাগের দাবি প্রদেশ কংগ্রেসের

 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২০ এপ্রিল : রাজ্যের বিদ্যুৎ নিগমের কার্যকারিতা ও পারফরম্যান্স ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের ২০২৬ সালের পর্যালোচনা রিপোর্টে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের দুর্বল অবস্থান স্পষ্ট হলেও, তার বিপরীতে রাজ্য সরকার পূর্বে ভিন্ন দাবি করে জনসাধারণকে বিভ্রান্ত করেছে।

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এক বিবৃতিতে জানান, কেন্দ্রীয় মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশের ৫৪টি বিদ্যুৎ সংস্থা ও ডিসকমের মধ্যে ত্রিপুরার অবস্থান অনেকটাই নিম্নমুখী। বিভিন্ন সূচকে রাজ্যের পারফরম্যান্স অত্যন্ত দুর্বল বলে দাবি করা হয়েছে। অর্থনৈতিক টেকসই মানদণ্ডে ৭৫-এর মধ্যে মাত্র ১৯.১৭, রাজস্ব আদায়ে ৩৫-এর মধ্যে ৭, ঋণ কভারেজ রেশিওতে ১০-এর মধ্যে ০, বিলিং দক্ষতায় ৫-এর মধ্যে ০ এবং পারদর্শিতায় ৫-এর মধ্যে ০.৫০ নম্বর পেয়েছে বলে উল্লেখ করা হয়।সামগ্রিকভাবে গত বছরের তুলনায় আরও অবনতি হয়ে এবছর ৫৪টির মধ্যে ৫০তম স্থানে নেমে এসেছে বলে দাবি।

কংগ্রেসের অভিযোগ, সম্প্রতি ধর্মনগর বিধানসভা উপনির্বাচন ও এডিসি নির্বাচনের আগে রাজ্য সরকার ও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল যে ত্রিপুরা বিদ্যুৎ নিগম দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। কিন্তু কেন্দ্রীয় রিপোর্টে তার সম্পূর্ণ বিপরীত চিত্র উঠে আসায় সরকারি দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও বিদ্যুৎ পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তুলে কংগ্রেস জানায়, বিগত কয়েক বছরে গ্রাহকদের উপর বারবার মাশুল বৃদ্ধি, লোডশেডিং, নিম্নমানের পরিষেবা এবং আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এসবের ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে বলেও দাবি করা হয়েছে।

এই প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস বিদ্যুৎ মন্ত্রী ও সংশ্লিষ্ট আধিকারিকদের নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যদি কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্ট ভুল হয়ে থাকে, তবে রাজ্য সরকার যেন দ্রুত সেই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করে।

এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের সামগ্রিক শাসনব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলে প্রদেশ কংগ্রেস রাজ্যবাসীকে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

You may also like

Leave a Comment