সোশ্যাল মিডিয়া পোস্টে গ্রেফতার, প্রমাণ না মেলায় ১২ ঘণ্টা পর মুক্তি—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এক যুবককে আটক ও পরে মুক্তি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট করার অভিযোগে মঙ্গল কলই নামে এক যুবককে গতকাল গভীর রাতে আটক করে পুলিশ।
ঘটনার পরই বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজ্যজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে প্রায় ১২ ঘণ্টা আটক করে রাখার পর পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি। পরে তাকে মুক্তি দেওয়া হয়।
এই ঘটনায় মঙ্গল কলই ও তার পরিবারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাদের দাবি, তদন্তের প্রয়োজনে পুলিশ কাউকে ডেকে পাঠাতে পারে, কিন্তু এভাবে দীর্ঘ সময় আটক করে রাখা অনৈতিক।
সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানিয়ে মঙ্গল কলই বলেন, পুলিশ ডাকলে তিনি সহযোগিতা করবেন, তবে অযথা হয়রানি যেন না করা হয়।
উল্লেখ্য, মঙ্গল কলইকে আটক করার সময় পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী এবং অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে—যথেষ্ট তথ্যপ্রমাণ ছাড়া একজনকে আটক করার পেছনে পুলিশের উদ্দেশ্য কী? অনেকেই মনে করছেন, প্রভাবশালী মহলের চাপেই কি এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে?
সমালোচকদের মতে, এ ধরনের ঘটনা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং আইনের শাসন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি করছে।
