শুক্রবার (২০ মার্চ), দক্ষিণ ত্রিপুরার দুটি টিটিএএডিসি আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
২৭ নম্বর পূর্ব মুহুরীপুর-ভুরাতলী আসনে প্রার্থী বার্জুং ত্রিপুরা এবং ২৮ নম্বর শিলাছড়ি-মনুবনকুল এসটি সংরক্ষিত আসনে প্রার্থী উচাথৈই মগ, দলীয় সমর্থক ও দক্ষিণ জেলা সিপিআই(এম) নেতৃত্বের উপস্থিতিতে সাব্রুম মহকুমা শাসক তথা দুই কেন্দ্রের রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
এর আগে সকাল সাড়ে ১১টা নাগাদ কলাছড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য বাইক ও গাড়ির মিছিল শুরু হয়। মিছিলটি মনুবনকুল হয়ে সাব্রুম মহকুমা দপ্তরের সামনে এসে পৌঁছায়। সেখান থেকে সংগঠিতভাবে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে আরেকটি মিছিল করে মহকুমা দপ্তরে প্রবেশ করেন প্রার্থীরা।
এই মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত, সাংসদ শংকর প্রসাদ দত্ত, তাপস দত্ত এবং জিএমপি নেতা ও প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরীসহ অন্যান্য নেতৃত্ব।
দুপুর প্রায় ১টা ২০ মিনিট নাগাদ ২৭ নম্বর এডিসি এসটি সংরক্ষিত আসনের প্রার্থী বার্জুং ত্রিপুরা প্রথমে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এরপর ২৮ নম্বর আসনের প্রার্থী উচাথৈই মগও তাঁর মনোনয়ন দাখিল করেন।
আসন্ন নির্বাচনে এই দুই আসনকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
