ত্রিপুরায় নির্মাণ শ্রমিকদের জন্য ডিজিটাল উদ্যোগ: ডায়নামিক ওয়েব অ্যাপ ও মোবাইল অ্যাপের সূচনা
ত্রিপুরা সরকারের শ্রম অধিদপ্তরের উদ্যোগে নির্মাণ শ্রমিকদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল পদক্ষেপ গ্রহণ করা হল। নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে ডায়নামিক ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিষেবার উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের শ্রমমন্ত্রী টুংকু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শ্রম সচিব কিরণ গিত্তে, শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল সহ শ্রম দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানের শুরুতে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প (NSKP)-এর উপর একটি ভিডিও প্রদর্শন করা হয়। এরপর শ্রমমন্ত্রী টুংকু রায় বোতাম টিপে ডায়নামিক ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপটির আনুষ্ঠানিক সূচনা করেন।
সরকারি সূত্রে জানা যায়, এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হওয়ার ফলে রাজ্যের নির্মাণ শ্রমিকরা এখন সহজেই অনলাইনে নিজেদের নিবন্ধন করতে পারবেন এবং বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি শ্রমিকদের তথ্য সংরক্ষণ, আবেদন প্রক্রিয়া এবং পরিষেবা প্রদান আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে।
শ্রম দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক পরিষেবাগুলি আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ডিজিটাল ব্যবস্থার ফলে শ্রমিকদের আর দপ্তরে ঘুরতে হবে না, বাড়িতে বসেই তারা আবেদন ও বিভিন্ন সুবিধার আপডেট জানতে পারবেন।
সরকারের এই উদ্যোগকে নির্মাণ শ্রমিকদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
