Home » Blog » আগরতলা ভি.আই.পি রোডে যাত্রী সহ গাড়ি অপহরণ

আগরতলা ভি.আই.পি রোডে যাত্রী সহ গাড়ি অপহরণ

by Planet Tripura
0 comments 9 views

আগরতলা ভি.আই.পি রোডে যাত্রী সহ গাড়ি অপহরণ, ছিনতাই ও মারধর — এয়ারপোর্ট থানায় অভিযোগ

 

আবারও চাঞ্চল্য ছড়াল আগরতলা বিমানবন্দর সংলগ্ন ভি.আই.পি রোড। বুধবার এয়ারপোর্ট থানাধীন কাঠালতলী এলাকায় সোনামুড়া থেকে আসা একটি যাত্রীবাহী ইকো গাড়ি অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গিয়ে ছিনতাই ও মারধরের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, বিমানযাত্রী নামিয়ে ফেরার পথে ভি.আই.পি রোডে গাড়িটি আটকে দেয় কয়েকজন দুষ্কৃতী। এরপর চালক ও যাত্রীদের জোরপূর্বক গাড়িসহ একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি চালক ও যাত্রীদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। দুষ্কৃতীরা গাড়িতেও ভাঙচুর চালায়।

কোনওরকমে ছিনতাইবাজদের কবল থেকে মুক্ত হয়ে চালক ও যাত্রীরা এয়ারপোর্ট থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন ক্ষতিগ্রস্তরা ও তাঁদের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং ভি.আই.পি রোডে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

এদিকে, এয়ারপোর্ট থানার নবনিযুক্ত ওসি সুশান্ত দেব জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ব্যস্ত ভি.আই.পি রোডে এ ধরনের দুঃসাহসিক ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

You may also like

Leave a Comment