মহারাজগঞ্জ বাজার সংলগ্ন নবনির্মিত পার্কের জলাশয় থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৫ অক্টোবর : সুশাসনের রাজ্যে প্রতিদিন অপরাধমুলক ঘটনার অন্ত নেই। কোথাও মিলছে নর কঙ্কাল, তো কোথাও জলে ভাসছে মৃতদেহ। খুন, ধর্ষন, অপহরনের ঘটনা এখন নিত্যদিনের। কিন্তু তারপরেও সুশাসন আর আইনের শাসন বলছে চলতে হবে।
খোদ রাজধানী শহরে প্রায় প্রতিদিন লাস উদ্ধার হচ্ছে ৷ নেশা বানিজ্য,আর মাফিয়ারাজে আতঙ্কিত সাধারন মানুষ। মঙ্গলবার শহর আগরতলা থেকে নরকঙ্কাল উদ্ধারের পর বুধবার সকালে মহারাজগঞ্জ বাজারের তমাল চৌমুহনীর পুকুর থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়।
এই ঘটনায় মৃত দেহের পরিচয় পাওয়া যায়নি। তদন্তে নেমেছে পুর্ব আগরতলা থানার পুলিশ । খবরে প্রকাশ, বুধবার মহারাজগঞ্জ বাজার সংলগ্ন নবনির্মিত পার্কের জলাশয় থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে স্থানীয়দের নজরে আসে পুকুরে ভাসমান মৃতদেহটি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানা এবং মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ।
পূর্ব থানার ওসি, সুব্রত দেবনাথ বলেন, মৃতদেহটি পুকুরের জলে বেশ কয়েকদিন ধরে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি সুব্রত দেবনাথ জানান, মৃত দেহের পরিচয় শনাক্তের কাজ চলছে।
প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে দেহের হাতে সৌরভ নামের ট্যাটু লেখা রয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর প্রকৃত কারণ জানা যাবে। আগামী ৭২ ঘন্টা দেহটি জিবি হাসপাতালের মর্গে রাখা হবে। রাজধানী সহ রাজ্যের যে সমস্ত থানায় মিসিং ডায়েরী রয়েছে সেগুলি থেকে মৃতদেহ শনাক্তের কাজ চালানো হবে।
পরবর্তী সময় ফরেন্সিক ও চিকিৎসা বিজ্ঞানীদের সহায়তায় মৃতদেহ শনাক্ত করতে প্রয়াস,চালানো হবে বলে জানান ওসি সুব্রত দেবনাথ। অন্যদিকে এই জলাশয়য়ের চারিদিকে পাকা দেওয়াল দুপাশে গ্রীলের গেট রয়েছে, এর পরেও কি করে এখানে কেউ প্রবেশ করলো, বা মৃতদেহটি এখানে ডাম্প করলো এই প্রশ্নের জবাবে ওসি জানান, গেটের তালা দেওয়া কিংবা খোলা দায়িত্ব কার কাছে আছে সে সব বিষয়ে তদন্ত করা হবে, মৃতদেহটিইবা কিভাবে এখানে এলো সবটাই তদন্ত সাপেক্ষ বলেও দাবী করেন তিনি।
এই ঘটনায় শহরের নিরাপত্তা ব্যাবস্থার পাশাপশি অপরাধ প্রবনতার বিস্তারে সংকিত নাগরিক সমাজ।
