নিজস্ব প্রতিনিধি, আগরতলা:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এবারের বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সঙ্গে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচিও। এর মধ্যে অন্যতম ‘এক পেড় মা কে নাম’ অভিযান। এই কর্মসূচির মূল লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা। তাই এবারের উদ্যোগে সংখ্যার চেয়ে গাছের যত্ন ও টিকে থাকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজ্যের প্রতিটি মণ্ডলের পাশাপাশি রামনগর মণ্ডলেও বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। রামনগরের ৩৫ নম্বর ওয়ার্ড এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তুষার কান্তি ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অন্যদিকে, ১৪ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য। এদিন উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি তাপস কুমার দেব-সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ও সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাঁরা সকলকে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেই গাছের নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।
বিশ্ব পরিবেশ দিবসে এই ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
বিশ্ব পরিবেশ দিবসে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পরিষদের বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পরিষদের উদ্যোগে আগরতলায় এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ, দূষণ রোধ এবং সবুজ পৃথিবী গড়ে তোলার বার্তা নিয়ে এই র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।
সুকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালিটির সূচনা হয়। র্যালিতে পরিবেশ রক্ষার বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী অনিমেষ দেববর্মা-সহ ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পরিষদের আধিকারিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পরিবেশপ্রেমী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন বক্তারা বলেন, পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই র্যালির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।