সাত দফা দাবিতে সিডিপিও-র কাছে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের
সোনামুড়া, ১ জুন: চাকরির নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, অবসরের পর গ্র্যাচুইটি ও নিয়মিত পেনশনসহ সাত দফা দাবিতে সোমবার সোনামুড়া আইসিডিএস প্রকল্পের সিডিপিও-র কাছে ডেপুটেশন জমা দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।
সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে সিডিপিও প্রবাল কান্তি বর্মনের হাতে সম্মিলিত দাবি সনদ তুলে দেন। দাবিগুলির মধ্যে ছিল চাকরির নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, অবসরের সঙ্গে গ্র্যাচুইটি ও নিয়মিত পেনশন প্রদান, মোবাইল ও এসএনপি বিল বৃদ্ধি এবং অন্যান্য প্রাপ্য সুবিধা নিশ্চিত করা।
দাবি সনদে উল্লেখ করা হয়, সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের চাকরির শেষে উপযুক্ত গ্র্যাচুইটি ও পেনশন প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। পাশাপাশি ২০২৩ সালের নভেম্বরে ত্রিপুরা হাইকোর্টও অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি দ্রুত প্রদানের নির্দেশ দিয়েছিল। তবে সেই নির্দেশনা এখনও পুরোপুরি কার্যকর হয়নি বলে অভিযোগ করেন কর্মীরা।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন ন্যায্য দাবি উপেক্ষিত হওয়ায় তাঁরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই অবিলম্বে বিষয়গুলি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তাঁরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।
এদিকে সিডিপিও প্রবাল কান্তি বর্মন কর্মী ও সহায়িকাদের দাবিগুলির যৌক্তিকতা রয়েছে বলে স্বীকার করেন। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সুপারিশ করা হবে।
উল্লেখ্য, সোনামুড়া মহকুমার সোনামুড়া নগর, বক্সনগর, মেলাঘর ও কাঠালিয়া এলাকায় মোট ৬৪৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে কর্মরত রয়েছেন মোট ১,২৯৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা।