বিলোনিয়ায় ৮.১৭ কোটি টাকার তিন কৃষি প্রকল্পের উদ্বোধন, প্রাকৃতিক চাষে জোর কৃষিমন্ত্রীর
বিলোনিয়া, ১ জুন: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমায় কৃষি পরিকাঠামোর উন্নয়নে এক বড় পদক্ষেপ হিসেবে সোমবার ৮ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত তিনটি গুরুত্বপূর্ণ কৃষি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পগুলির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি কৃষকদের আয় বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থার লক্ষ্যে প্রাকৃতিক চাষে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এদিন রাজনগর ব্লকের পাশে ৩ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ-কাম-ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়। পাশাপাশি বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায় ১ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কৃষি উপ-অধিকর্তার কার্যালয় এবং বিসি নগরে ৩ কোটি ১১ লক্ষ টাকার আরও একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রেরও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। আধুনিক কৃষিযন্ত্র, উন্নত প্রযুক্তি এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সর্বাত্মক সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি কৃষকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, রাসায়নিক সারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে অন্তত ২৫ শতাংশ জমিতে প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করা উচিত। পাশাপাশি কোনো কৃষিজমি ফেলে না রেখে ‘ক্ষেত বাঁচাও অভিযান’-এ সক্রিয়ভাবে অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক স্বপ্না মজুমদারসহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা কৃষকদের সরকারি বিভিন্ন কৃষি প্রকল্প ও সুবিধা গ্রহণের জন্য উৎসাহিত করেন।
রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ নাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত ভাষণ দেন কৃষি অধিকর্তা ড. ফণিভূষণ জমাতিয়া।
প্রশাসনের আশা, নবনির্মিত এই গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রগুলি চালু হওয়ার ফলে বিলোনিয়া মহকুমার কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি, গবেষণা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। এর মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।