Home » Blog » নবীনছড়ায় সেতু ভেঙে বিচ্ছিন্ন বহু পরিবার, দুর্ভোগ চরমে

নবীনছড়ায় সেতু ভেঙে বিচ্ছিন্ন বহু পরিবার, দুর্ভোগ চরমে

পেঁচারথল সেতু ভেঙে দুর্ভোগ বিচ্ছিন্ন বহু পরিবার

by Planet Tripura
0 comments 1 views

নবীনছড়ার সোনারাম পাড়ায় সেতু ভেঙে দুর্ভোগ, বিচ্ছিন্ন বহু পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা 
পেঁচারথল ব্লকের নবীনছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনারাম পাড়ার ২ নং ওয়ার্ডে কাঠের একটি সেতু ভেঙে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন এলাকাবাসী। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে ছড়ার উপর নির্মিত সেতুটির মাঝের অংশ ভেঙে জলের স্রোতে ভেসে যায়। ফলে কার্যত শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৬০ থেকে ৭০টি পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কাঠের সেতুটিই ছিল সোনারাম পাড়ার ২ নং ওয়ার্ডবাসীর যাতায়াতের একমাত্র ভরসা। সেতু ভেঙে যাওয়ার পর থেকে স্কুল-কলেজ পড়ুয়া, রোগী, কৃষক ও সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে পড়ুয়ারা। জীবনের ঝুঁকি নিয়ে ছড়া পার হওয়া সম্ভব না হওয়ায় বহু ছাত্রছাত্রীর স্কুলে যাওয়া কার্যত বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে জরুরি অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া, হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ এবং কৃষকদের উৎপাদিত ফসল বাজারে পৌঁছে দেওয়াও কঠিন হয়ে পড়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটির অবস্থা অত্যন্ত জীর্ণ ছিল। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী কোনও উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের চাপে সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়ে।

এলাকাবাসীর দাবি, দ্রুত অস্থায়ী যোগাযোগের ব্যবস্থা করার পাশাপাশি একটি স্থায়ী ও মজবুত সেতু নির্মাণ করা হোক। তাদের বক্তব্য, সেতু ভেঙে যাওয়ার ফলে গোটা এলাকা উন্নয়নের মূল স্রোত থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে।

এখন প্রশাসন কত দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সোনারাম পাড়ার বাসিন্দারা।

You may also like

Leave a Comment